× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়বিধুর মেসি, শেষ হবে জাদুকরী অধ্যায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:৫৯ এএম

বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে জাতীয় দলের হয়ে মেসির যাদুকরী ফুটবল ক্যারিয়ার। ছবি: এএফপি

বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে জাতীয় দলের হয়ে মেসির যাদুকরী ফুটবল ক্যারিয়ার। ছবি: এএফপি

এই দিনটি একদিন আসবে, সবাই জানত। তবু সেটা সামনে এসে দাঁড়াতেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। লিওনেল মেসি যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামছেন। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে জাতীয় দলের হয়ে মেসির যাদুকরী ফুটবল ক্যারিয়ার।

এই জার্সিটা মেসির কাছে কেবল একটা পোশাক ছিল না, ছিল স্বপ্ন আর বোঝাÑ দুটোই। বছরের পর বছর তিনি একটা পুরো জাতির প্রত্যাশা কাঁধে বয়ে বেড়িয়েছেন। ফাইনালের পর ফাইনাল হেরেছেন। নিজে কেঁদেছেন, অন্যকে কাঁদিয়েছেন। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে হারের পর তার মাথা নিচু করে হেঁটে যাওয়ার ছবি আর্জেন্টাইনরা ভোলেনি। কোপা আমেরিকার ফাইনালে টানা দুবার হেরে একসময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে জাতীয় দল ছাড়ার কথাও বলে ফেলেছিলেন। প্রতিবার ম্যাচ শেষে চোখের জল মুছতে মুছতে তিনি মাঠ ছেড়েছেন। সেই কান্না ছিল ব্যর্থতার, অপূর্ণতার।

আজ আবারও কাঁদবেন মেসি, কিন্তু এই কান্না একেবারে আলাদা। এই অশ্রুতে কোনো আক্ষেপ নেই, আছে কৃতজ্ঞতা। আছে অসংখ্য রাতের অপেক্ষার শেষে পাওয়া পূর্ণতার সুখ আর বিদায়ের গভীর ব্যথা। স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু স্বপ্নটা যে শেষ হয়ে যাচ্ছে, সেই কষ্ট তাতে কমছে না।

আজ তিনি একা কাঁদবেন না। যারা বছরের পর বছর তার পাশে লড়েছেন, সেই সতীর্থরাও চোখের জল ধরে রাখতে পারবেন না। গ্যালারিতে ৮৫ হাজার মানুষ একসঙ্গে গলা ছেড়ে গান গাইবেন আর একসঙ্গে কাঁদবেন। 

হয়তো শেষবারের মতো গ্যালারির দিকে হাত নাড়বেন মেসি। ৮৫ হাজার কণ্ঠ তখন একসঙ্গে তার নাম উচ্চারণ করবে। সেই শব্দ ছড়িয়ে যাবে মনুমেন্তালের গণ্ডি পেরিয়ে পৃথিবীর অসংখ্য ঘরে। আর মেসির চোখে তখন যদি জল আসে, সেটি মুছে দেওয়ার প্রয়োজন হবে না। কারণ সেই অশ্রু পরাজয়ের নয়। সেই অশ্রুতে থাকবে ভালোবাসা। থাকবে কৃতজ্ঞতা। থাকবে স্মৃতি। আর থাকবে একটি যুগকে বিদায় জানানোর বেদনা। কারও হাতে পতাকা, কারও গায়ে মেসির নামের জার্সি, কারও কোলে ছোট্ট সন্তান, যে হয়তো একদিন বড় হয়ে বলবে, ‘আমি সেদিন স্টেডিয়ামে ছিলাম।’

শুধু স্টেডিয়ামেই নয়, সেই কান্না ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচকানাচে। বুয়েনস এইরেসের অলিগলিতে, রোজারিওর চায়ের দোকানে, আর হাজার হাজার মাইল দূরে ঢাকা, কলকাতা, লাগোস কিংবা লিসবনের কোনো ছোট ঘরের টিভির সামনে। যারা কোনো দিন আর্জেন্টিনার মাটিতে পা রাখেননি, তারাও আজ নিজেদের একজন প্রিয় মানুষকে বিদায় জানাবেন। কারণ মেসি তো কেবল আর্জেন্টিনার ছিলেন না, তিনি ছিলেন ফুটবলকে ভালোবাসা সবার।

২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা হাতে মেসির চোখে যে জল ছিল, সেখানে পরাজয়ের বেদনা ছিল না। ছিল দীর্ঘ অপেক্ষার অবসানের স্বস্তি। ২০২২ সালে কাতারের আকাশের নিচে বিশ্বকাপের ট্রফি হাতে তার চোখে যে জল জমেছিল, সেটি ছিল পূর্ণতার কান্না। এত বছরের অপূর্ণতা যেন এক মুহূর্তে ধুয়ে দিয়েছিল সেই অশ্রু। আজ আবার চোখে জল আসতে পারে মেসির। তবে এবার সেই জল জয়েরও নয়, পরাজয়েরও নয়। এটি বিদায়ের জল।

শেষবার যখন জাতীয় দলের জার্সি খুলবেন, হয়তো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবেন তিনি। চারপাশে তাকাবেন। দেখবেন গ্যালারির দিকে। দেখবেন সতীর্থদের। হয়তো সেই মুখগুলোয় খুঁজবেন নিজের দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার অসংখ্য স্মৃতি।

আজ ম্যাচের ফল যা-ই হোক, সেটা মুখ্য নয়। আজ আসলে একটা যুগের বিদায়। বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার, শেষ মুহূর্তে ‘মেসি আছে’ ভেবে আশায় বুক বাঁধার সেই দিনগুলোকে বিদায়। শেষ বাঁশি বাজার পর যখন মেসি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবেন, তখন সময়টা থেমে যাবে। আর পুরো পৃথিবী একসঙ্গে বলবে, ধন্যবাদ, লিও।

যে আর্জেন্টিনা একসময় তাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই আর্জেন্টিনাই আজ তাঁকে বিদায় জানাতে প্রস্তুত। যে মানুষটির কাঁধে একসময় ছিল প্রত্যাশার পাহাড়, আজ সেই মানুষটির বিদায়ের মুহূর্তে পুরো দেশ যেন তার কাঁধে হাত রাখতে চায়। বলতে চায়-আর কিছু দিতে হবে না। তুমি দিয়েছ। সবটুকু দিয়েছ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা