× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরনো প্রশ্নগুলোই ফের সামনে

রুমেল খান

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৩৭ এএম

ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে তিন হার, শূন্য পয়েন্ট এবং ১৩ গোল হজম করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে তিন হার, শূন্য পয়েন্ট এবং ১৩ গোল হজম করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের হার। স্কোরলাইনটি শুধু একটি ম্যাচের ফল নয়, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতারও নির্মম প্রতিচ্ছবি। ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে তিন হার, শূন্য পয়েন্ট এবং ১৩ গোল হজম করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

তবে জাকার্তার এই বিপর্যয়কে কেবল শক্তিশালী ইন্দোনেশিয়ার শ্রেষ্ঠত্ব দিয়ে ঢাকতে গেলে আড়ালেই থেকে যাবে বাংলাদেশ ফুটবলের মূল ক্ষতগুলো।

ম্যাচের বিশাল এই গোল ব্যবধানের আড়ালে প্রধান কোচ টমাস ডুলির ট্যাকটিক্যাল সিদ্ধান্ত, একাদশ নির্বাচন এবং ম্যাচ-পূর্ববর্তী প্রশাসনিক অস্থিতিশীলতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ম্যাচের ১১ মিনিটে মিচেল বেকারের গোলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। প্রথমার্ধেই এক মিচেল বেকারের ৪ গোলসহ মোট ৬-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ (যার মধ্যে শাহরিয়ার ইমন ৩৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন)।

ইন্দোনেশিয়ার উইংভিত্তিক আক্রমণ ও দ্রুতগতির ট্রানজিশনের বিরুদ্ধে বাংলাদেশের ফুলব্যাক ও সেন্টার ব্যাকদের পজিশনিং ছিল চরম বিশৃঙ্খল।

প্রতিপক্ষের শক্তির দিক জানা থাকা সত্ত্বেও রক্ষণভাগে কোনো সুস্পষ্ট ব্যাকআপ পরিকল্পনা ছিল না। একাদশ নির্বাচন ও খেলোয়াড়দের পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। রাকিবের ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে তাকে ব্যবহারের কৌশল নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। রাকিবের ক্রস থেকেই ফারহান আলী ওয়াহিদ দলের দ্বিতীয় গোলটি করেন। তবে ফুলব্যাক পজিশনে সাদ উদ্দিনকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা বিপক্ষ দলের আক্রমণ সামলাতে একদমই কার্যকরী ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে গোল করা তরুণ ফারহান আলী ওয়াহিদকে প্রথমার্ধেই কেন নামানো হলো না, তা ডুলির সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলেছে।

জাতীয় দলে যোগ্যতা ও বর্তমান পারফরমেন্সের চেয়ে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সুযোগ পাওয়ার নিশ্চয়তা দলের অভ্যন্তরীণ সুস্থ প্রতিযোগিতা নষ্ট করছে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

মাঠের ফুটবলের প্রস্তুতির চেয়ে টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে জাতীয় দলের পরিচালনা পর্ষদে যে পদ-পদবির নাটক দেখা গেছে, তা ছিল অত্যন্ত অস্বস্তিকর।

ক্যাম্প শুরুর মাত্র দুই দিন পর আমিরুল ইসলাম বাবুকে টিম ম্যানেজার করা হয়।

আগের ম্যানেজার আমের খানকে বানানো হয় টিম কো-অর্ডিনেটর। একই সঙ্গে ইকবাল হোসেনকে দেওয়া হয় টিম লিডারের দায়িত্ব।

মাঠের ফুটবল কৌশল নির্ধারণের চেয়ে অফিশিয়ালদের পদ বণ্টন নিয়ে টানাটানি দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যার ফলশ্রুতিতে আসিয়ানি কাপে৩ ম্যাচে বাংলাদেশ হজম করে ১৩ গোল, করে মাত্র ২ গোল!

দ্বিতীয়ার্ধের বড় একটা সময় বাংলাদেশ ১ গোলও হজম না করে ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলেও শেষ বাঁশির আগে (৯০, ৯০+৬ ও ৯০+৭ মিনিটে) আবারও তিন গোল হজম করে। ফলে এটি স্পষ্ট যে কোচের সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার অভাবে পুরো ৯০ মিনিট একই মানসিকতা ধরে রাখতে পারেনি দল।


স্বল্প প্রস্তুতির অসিহাত দিয়ে ৯ গোল হজমের জবাব দেওয়া সম্ভব নয়। ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের এই হার কেবল মাঠের পরাজয় নয়Ñ এটি ডুলির কৌশল, বাফুফের দল নির্বাচন এবং জাতীয় দলের প্রশাসনিক ব্যবস্থার পুনর্মূল্যায়ন চাওয়ার সময়।

তবু একটি প্রশ্ন থাকেইÑ জাতীয় দলের প্রস্তুতির সময় যতটা সম্ভব স্থিতিশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা উচিত কি না? শুধু একজন কোচকে দায়ী করলেই কি সমাধান?

৯-২ গোলের পর সবচেয়ে সহজ কাজ হবে কোচকে কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু বাংলাদেশের ফুটবলের সমস্যাটি সম্ভবত তার চেয়েও বড়।

জাতীয় দলে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া, প্রতিদ্বন্দ্বিতা, দীর্ঘমেয়াদি প্রস্তুতি, বয়সভিত্তিক ফুটবল থেকে জাতীয় দলে খেলোয়াড় তুলে আনা, রক্ষণভাগের বিকল্প তৈরি এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য পর্যাপ্ত সময়Ñ সবকিছুকেই একসঙ্গে দেখতে হবে।

‘পছন্দের খেলোয়াড়’ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিও তাই স্বচ্ছতার সঙ্গে দেখা প্রয়োজন। কোনো খেলোয়াড় ব্যক্তিগতভাবে কোচের পছন্দের কি না, সেটি অনুমানের বিষয়। কিন্তু দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে পারফরমেন্স, ফিটনেস ও প্রতিযোগিতার সুস্পষ্ট মানদণ্ড আছে কি না, সেটিই হওয়া উচিত মূল প্রশ্ন।

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ হার বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু এই হারকে শুধু একটি দুঃস্বপ্নের রাত হিসেবে দেখলে শিক্ষা নেওয়ার সুযোগটিও হারিয়ে যাবে।

কোচের কৌশল, খেলোয়াড় নির্বাচন, পজিশনভিত্তিক পরিকল্পনা, রক্ষণ সংগঠন, প্রস্তুতির সময় এবং জাতীয় দলের ব্যবস্থাপনাÑ সবকিছু নিয়ে এখন ঠান্ডা মাথায় পর্যালোচনা প্রয়োজন।

কারণ প্রশ্নটা শুধু ইন্দোনেশিয়ার বিপক্ষে নয় গোল হজমের নয়। প্রশ্ন হলোÑ একটি জাতীয় দল কেন এমন অবস্থায় পৌঁছাল, যেখানে ৯০ মিনিটের একটি ম্যাচে রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু ডাগআউটের দিকে তাকালে হবে না। তাকাতে হবে পুরো ব্যবস্থাটির দিকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা