× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

বলিভিয়ার জালে মেসিহীন আর্জেন্টিনার গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:২৮ পিএম

বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমেই নিজেদের শক্তির জানান দিল আর্জেন্টিনা। ছবি: মাশাব্লে

বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমেই নিজেদের শক্তির জানান দিল আর্জেন্টিনা। ছবি: মাশাব্লে

বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমেই নিজেদের শক্তির জানান দিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ বলিভিয়া ভাসালো গোল বন্যায়, ৪-০ গোলের জয়। কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় অনুপস্থিতি ছিলেন লিওনেল মেসি। যাঁকে ঘিরেই দীর্ঘদিন আবর্তিত হয়েছে আর্জেন্টিনার ফুটবলের আবেগ, উচ্ছ্বাস আর স্বপ্ন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেওয়ার পর মেসিকে ছাড়াই প্রথমবারের মতো মাঠে নামল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসির অনুপস্থিতি যেন নতুনদের জন্য খুলে দিল নিজেদের মেলে ধরার জানালা। একে একে চার গোল করে তাঁরা বুঝিয়ে দিলেন, মেসি না থাকলেও আর্জেন্টিনার ফুটবল থেমে থাকবে না।

বলিভিয়ার বিপক্ষে লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজের গোলে চার গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। গোলের এই উৎসব কেবল একটি প্রীতি ম্যাচের জয় নয়, বরং নতুনদের আত্মবিশ্বাসেরও প্রতিচ্ছবও। তবে এই জয়ের আনন্দের আড়ালেও অপেক্ষা করছে অন্য এক আবেগ। মেসিকে ছাড়া প্রথম ম্যাচ খেলার পর এবার তাঁকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। 

ক্লাব ফুটবলের বিরতিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৬ অক্টোবর বুয়েনস এইরেসের স্মৃতিমাখা মঞ্চে অনুষ্ঠিত হবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন মেসি।

জাতীয় দলের হয়ে মেসির বিদায় কেবল একজন ফুটবলারের অবসর নয়, এটি আর্জেন্টিনার ফুটবলের একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। যে জার্সি গায়ে জড়িয়ে তিনি অসংখ্যবার দেশের কোটি মানুষের স্বপ্নকে নিজের পায়ের জাদুতে বাস্তবে রূপ দিয়েছেন, সেই জার্সিই এবার হয়ে উঠবে বিদায়ের স্মারক। শেষবারের মতো গায়ে চড়াবেন ১০ নম্বর জার্সি। যে নম্বর একসময় ছিল ম্যারাডোনার উত্তরাধিকার, মেসির হাত ধরে তা পেয়েছে নতুন মহিমা, নতুন ইতিহাস।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৫ গোল করেছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে তাঁর গোলসংখ্যা ২১। সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং দীর্ঘ এক ফুটবলযাত্রার সাক্ষ্য। ব্যর্থতার বেদনা, ফাইনালে হারের দীর্ঘশ্বাস, সমালোচনার তির আর শেষ পর্যন্ত বিশ্বজয়ের অবিস্মরণীয় আনন্দ-সবকিছুই মিশে আছে তাঁর আর্জেন্টিনা-অধ্যায়ে। যে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তাঁকে বহুবার শুনতে হয়েছে সমালোচনা, সেই স্বপ্নই পূরণ হয়েছে বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে।

৬ অক্টোবর বুয়েনস এইরেসে যখন শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন মেসি, তখন হয়তো গ্যালারির প্রতিটি চোখে থাকবে আনন্দ আর বিষাদের মিশ্র অনুভূতি। একদিকে থাকবে কিংবদন্তির শেষ উপস্থিতি দেখার উচ্ছ্বাস, অন্যদিকে থাকবে তাঁকে আর কখনো জাতীয় দলের হয়ে খেলতে না দেখার হাহাকার। বলিভিয়ার বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনার চার গোলের জয় ভবিষ্যতের বার্তা দিয়ে গেলেও, সামনে অপেক্ষা করছে এমন এক সন্ধ্যা, যেখানে গোলের চেয়েও বড় হয়ে উঠবে বিদায়ের আবেগ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা