প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
আসিয়ান কাপে চরম লজ্জার এক হার দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার জাকার্তার গেলোরা বুং কর্নো স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও রক্ষণভাগের চরম ব্যর্থতায় তিন ম্যাচের সবকটিতে হেরেই শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করল দলটি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ইন্দোনেশিয়া। খেলার ১১তম মিনিটে ওলে রোমেনির পাস থেকে ইন্দোনেশিয়াকে এগিয়ে নেন মিচেল লি বেকার। ব্যবধান দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২০তম মিনিটে বাংলাদেশের গোলমুখে তৈরি হওয়া জটলা থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন বেকার। ৩২ মিনিটে রিজকি রিদোর গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল শোধ করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। শুকিরের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ফরোয়ার্ড শাহরিয়ার ইমন (৩-১)। তবে এই স্বস্তি স্থায়ী হয়নি এক মিনিটও। ৩৭ মিনিটে রমনির কাটব্যাক থেকে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেকার।
প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে আরও দুই গোল হজম করে বাংলাদেশের নড়বড়ে রক্ষণভাগ। ৪২ মিনিটে বেকার নিজের চতুর্থ গোল করেন এবং অতিরিক্ত সময়ে জাস্টিন হাবনার দলের হয়ে ষষ্ঠ গোলটি করলে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ ধরে রাখে ইন্দোনেশিয়া। তবে এ অর্ধে বেশ কিছু দারুণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশ গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। ফলে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত স্কোরলাইন ৬-১ ব্যবধানেই আটকে ছিল।
কিন্তু ম্যাচের অন্তিম সময়ে শুরু হয় অবিশ্বাস্য নাটকীয়তা। শেষ আট মিনিটে হয় মোট চার গোল! ৯০ মিনিটে লুক বিকারি ইন্দোনেশিয়ার পক্ষে সপ্তম গোল করেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফারহান আলি ওয়াহিদ গোল করে বাংলাদেশের হয়ে ব্যবধান ৭-২ করেন।
এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস এবং সপ্তম মিনিটে বেকার নিজের পঞ্চম গোলটি করলে ৯-২ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় ইন্দোনেশিয়ার।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই ফাইনালে উঠল স্বাগতিক ইন্দোনেশিয়া।