এশিয়ান গেমস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৮:৫৮ এএম
১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানকে করতে হবে ১১২ রান।
জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হওয়ায় খেলার দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৩ ওভারে।
আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ১৯ রানের মধ্যেই তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাসকে হারায় দল। এরপর পারভেজ হোসেন ইমনও ফিরে গেলে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। সাইফ ১৭ বলে ১৯ রান করে ফিরলেও হৃদয় ছিলেন দুর্দান্ত। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে ৪৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৪টি চার।
হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। তবে ১৬ বলে ১১ রান করে মোসাদ্দেকও ফিরে যান। শেষদিকে মেহেদী হাসানের ৪ বলে অপরাজিত ৮ রান বাংলাদেশকে ১১১ রানের সংগ্রহ এনে দেয়।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারে ২০ রান করেছে পাকিস্তান। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে উইকেট এসেছে ২টি।
ফাইনালে নিজেদের জায়গা করে নিতে এখন পুরো দায়িত্বটাই বোলারদের ওপর। ফাটলযুক্ত উইকেটে বল ঘোরার কারণে বাংলাদেশের স্পিনারদের ওপরই থাকবে বড় দায়িত্ব। বাংলাদেশের একাদশে থাকা চারজন স্পিনার মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদই এখন ভরসা।