× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারাল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮ এএম

 সেভিয়াতে স্পেনের হয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। ছবি: ওপেন ম্যাগাজিন

সেভিয়াতে স্পেনের হয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। ছবি: ওপেন ম্যাগাজিন

নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় হওয়া ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। এছাড়া মার্ক পুবিল ও নিকো উইলিয়ামস একটি করে গোল করেন। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিওন বেলহো।

শনিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানোর চার দিন পরই ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিল স্পেন। টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করেছে তারা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পেন। ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। অ্যালেক্স বায়েনার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নিচু শটে ক্রোয়েশিয়ার জালে বল পাঠান ইয়ামাল।

তবে ২৮ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের ক্রস থেকে ডিওন বেলহো হেডে গোল করেন। যদিও সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

৩১ মিনিটে ইয়ামালের কর্নার থেকে পাওয়া ক্রসে কাছ থেকে হেড করে স্পেনকে আবারও এগিয়ে দেন মার্ক পুবিল। এটি স্পেনের জার্সিতে তার প্রথম গোল।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। ফারমিন লোপেজের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পর ক্রোয়েশিয়া আক্রমণে গতি বাড়ালেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি। মার্কো পাসালিচ ও বেলহোর দুটি প্রচেষ্টাও প্রতিহত হয়।

ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। বার্সেলোনার সতীর্থ পেদ্রির সঙ্গে সমন্বয় করে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ফ্রানিও ইভানোভিচের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে স্পেনের হয়ে ভিক্টর মুনোজ ও বদলি নিকো উইলিয়ামসও গোলের সুযোগ নষ্ট করেন।

৮৯ মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস। মিকেল মেরিনোর পাস পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা