এশিয়ান গেমস
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
এশিয়ান গেমসে মাঠে নামার প্রয়োজনই হলো না বাংলাদেশের। বৃষ্টি আর ভেজা মাঠে শেষ পর্যন্ত বল গড়ানোর সুযোগ না পাওয়ায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে লিটন দাসের দল। তবে শেষ চারে উঠেও স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের।
আগামীকাল বৃহস্পতিবার দুটি সেমিফাইনালেও রয়েছে বৃষ্টির শঙ্কা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়াবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। একইদিনে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দুটিতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে ফাইনালের দুই দল। কোয়ার্টার-ফাইনালের চারটি ম্যাচের কোনোটিই শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। ফলে মাঠের পারফরম্যান্সের বদলে র্যাঙ্কিংই হয়ে উঠেছে দলগুলোর ভাগ্য নির্ধারণের মাধ্যম। গত সোমবার প্রথম দুই কোয়ার্টার-ফাইনালেই একই ঘটনা ঘটে। কোনো ম্যাচ খেলতে না হয়েই শেষ চার নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। এরপর গতকাল মঙ্গলবার প্রথম কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কা ও নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এই ম্যাচটি নেপালের জন্য ছিল বড় সুযোগ। মূল জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া নেপাল শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই সুযোগ আর আসেনি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই সেমিফাইনালে উঠে যায়। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান নবম, আর নেপালের ১৪তম। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা দল হিসেবে শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়। এরপর বাংলাদেশের ম্যাচেও একই চিত্র। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টস হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। বৃষ্টি ও মাঠের অবস্থার কারণে দুই দলকেই মাঠে নামতে হয়নি। র্যাঙ্কিংয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ পেয়ে যায় শেষ চারের টিকিট। বাংলাদেশের অবস্থান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অষ্টমে। মালয়েশিয়ার অবস্থান ২৫তম। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে পাকিস্তান। কাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা প্রথম সেমিফাইনাল। দিনের দ্বিতীয় সেমিফাইনালে সকাল ১১টায় মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু কোয়ার্টার-ফাইনালের অভিজ্ঞতার পর সেমিফাইনাল নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে যদি কোনো ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ফাইনালে উঠবে সংশ্লিষ্ট দল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে পাকিস্তান। কারণ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ, বাংলাদেশের অষ্টম। অন্যদিকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বাধা হলে ফাইনালে উঠবে ভারত। র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে, শ্রীলঙ্কা নবম। সেমিফাইনালের চার দলের ভাগ্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবহাওয়া। কোয়ার্টার-ফাইনালে যেখানে কোনো দলই মাঠে নেমে নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি, এবার শেষ চারে অন্তত মাঠের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের জন্যও তাই কাল সকালটি হতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে লড়াই করে ফাইনালের পথ নিশ্চিত করতে চাইবে লিটন দাসের দল। বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশে জয় কেবল ৫ ম্যাচে। আর পাকিস্তান জিতেছে ২১ ম্যাচে। তবে বর্তমানে পাকিস্তান দলের অবস্থা মোটেও ভালো নয়। সেখানে বাংলাদেশ টি-টোয়েন্টিতে বেশ ভালো ফর্মে রয়েছে। তার আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। মাঠে ক্রিকেট গড়াবে, নাকি আবারও র্যাঙ্কিং নির্ধারণ করবে ভাগ্য-উত্তর মিলবে সকালেই।