নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকেটারের ফেসবুক থেকে
এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল নিয়েই জাপানের নাগোয়ায় গেছে বাংলাদেশ। সেই দলের সঙ্গে ছিলেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে মাঠে নামার আগেই এশিয়ান গেমস শেষ হয়ে গেল তার।
কোনো ম্যাচ না খেলেই মঙ্গলবার জাপান থেকে প্রথম ফ্লাইটে দেশে ফিরবেন এই ব্যাটার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) জানিয়েছেন, শান্তর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিক্যাল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে। তাদের পরামর্শ অনুযায়ী, তার বিশ্রাম প্রয়োজন এবং এই মুহূর্তে খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর টিম হোটেলে ফিরেছেন শান্ত। তবে তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ভালো নয়। জানা গেছে, অসুস্থতার মধ্যে কয়েকবার বমিও করেছেন তিনি।
অসুস্থ অবস্থায় শান্তর একা দেশে ফেরার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, শান্তর অবস্থা এমন গুরুতর নয় যে তিনি একা ভ্রমণ করতে পারবেন না।
নাফিস বলেন, “এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি”।
এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের সামনে এখন ব্যস্ত সূচি। মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।