× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটস্কির সেঞ্চুরিতে বড় জয় দিয়ে সিরিজ শুরু সাউথ আফ্রিকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিডল অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটস্কির দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে সাউথ আফ্রিকা। গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ব্যাট হাতে ১১২ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ব্রিটস্কি।

ডারবানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল সাউথ আফ্রিকা; মাত্র ২৯ রানেই হারিয়ে বসে ২ উইকেট। সেখান থেকে অধিনায়ক তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন ও ডেভিড মিলারের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলেন ব্রিটস্কি। এই তিন ব্যাটারকে সঙ্গে নিয়ে তিনি বোর্ডে যোগ করেন ১৩৯ রান।

ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনের সঙ্গে ৮১ বলে ১০৭ রানের জুটিতে  সাউথ আফ্রিকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ এনে দেন ব্রিটস্কি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ব্যক্তিগত ১১২ রানে রান আউট হওয়ার আগে ১০৬ বল খেলে ১৪টি চার ও ২টি ছক্কা মারেন ব্রিটস্কি। ৭ চার ও ৪ ছক্কায় ৫৯ বলে ৭৫ রান করেন জানসেন।

অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ৯০ রান যোগ করেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। জুটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬০ রানে আউট হন মার্শ। ৩৬ বল খেলে ৫টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

এরপর হেড ৩৬ ও তিন নম্বরে নামা কুপার কনোলি ৩৮ রানে আউট হন। দলীয় ১৫৬ রানে চতুর্থ ব্যাটার হিসেবে কনোলি ফেরার পর সাউথ আফ্রিকার বোলারদের সামনে একাই লড়াই করেছেন ম্যাট রেনশ। সতীর্থদের যথার্থ সঙ্গ না পাওয়ায় অস্ট্রেলিয়ার হার এড়াতে পারেননি তিনি।

এতে ৪১ দশমিক ২ ওভারে ২৩০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। রেনশর ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে।

সাউথ আফ্রিকার হয়ে ২০ রানে ৪ উইকেট নেন স্পিনার কেশব মহারাজ। ম্যাচ সেরা হন ব্রিটস্কি।

আগামী ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা