ফিফা আসিয়ান কাপ
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
একদিকে ১৮১ ফিফা র্যাঙ্কিংধারী ও ‘দ্য বেঙ্গল টাইগার্স’খ্যাত বাংলাদেশ। অন্যদিকে ১৩৬ ফিফা র্যাঙ্কিংধারী ও ‘মালয়ান টাইগার্স’খ্যাত মালয়েশিয়া। সাউথ এশিয়া ও আসিয়ান অঞ্চলের এই দুই দেশ আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হচ্ছে। সেটা ‘ফিফা আসিয়ান কাপ’-এ। খেলাটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তার জেলোরা বাং কার্মো স্টেডিয়ামে। বাংলাদেশ আছে ডিভিশন-১ এ, এখানে গ্রুপের অন্য দুটি দল হচ্ছে স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
ফিফা র্যাঙ্কিংয়ে মালেয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ। হেড টু হেডেও তাই। এ পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশ জিতেছে একবার, মালয়েশিয়া সাতবার। দুই ম্যাচ ড্র। লাল-সবুজ বাহিনীর একমাত্র জয় সেই ১৯৮২ সালে, এশিয়ান গেমসে। সেবার তারা জিতেছিল ২-১ গোলে। তার মানে ৪৪ বছর ধরে জয়হীন বাংলাদেশ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ডুলি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সব সময়ই আরও ভালো দলগুলোর বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আর ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো সাফ। নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টের জন্য এটি আমাদের জন্য একটি আদর্শ প্রস্তুতি।’
বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশার কথাও মাথায় আছে ডুলির। কিন্তু মাঠের বাস্তবতা বিবেচনায় প্রত্যাশাটা বাস্তবসম্মত রাখার পক্ষে তিনি, ‘আপনি যখন মাঠে নামবেন, তখন নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমাদের বাস্তববাদী হতে হবে। জানি, বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছে, যারা ভাবে আমরা এখানে এসে সবাইকে হারিয়ে দেব। কিন্তু কাজটা অত্যন্ত কঠিন। তাই সব সময়ই বলি আমাদের বাস্তবসম্মত হতে হবে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া আমাদের চেয়ে ৪০ থেকে ৫০ পয়েন্টে এগিয়ে। এটি অনেক বড় পার্থক্য।’
এই বাস্তবতার কারণেই ম্যাচের ফল নিয়েও ডুলির ভাবনাটা কিছুটা ভিন্ন রকমের। মালয়েশিয়ার বিপক্ষে জয় কঠিন হলেও লড়াই করে কম ব্যবধানে হার কিংবা ড্র করতে পারলে সেটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখবেন।
ডুলি বলেন, ‘মালয়েশিয়া অবশ্যই কিছুটা ভালো দল। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য কঠিন হবে। যদি আমরা ভালো ফল করতে পারি, যেমন ১-০ গোলে হারা বা ড্র করতে পারাÑ তাহলে সেটাই হবে বড় সাফল্য।’
ভিসা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় পৌঁছতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জানান, আসরের প্রতিপক্ষরা শক্তিশালী হলেও নিজেদের ওপর পূর্ণ আস্থা রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। ইন্দোনেশিয়ায় পৌঁছতে কিছুটা বিলম্ব হওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম, কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি।’
এক মাস পর শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আসিয়ান কাপের এই ম্যাচগুলোকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন দলের কোচ ও অধিনায়ক। তবে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও জয়ের ক্ষুধা যে বিন্দুমাত্র কম নয়, সেটি স্পষ্ট করেছেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘কারণ সফল হতে হলে আপনি প্রতিযোগিতা করতে চাইবেন, ভালো ম্যাচ খেলতে চাইবেন। অবশ্যই কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যেটি মূল লক্ষ্য। তবে অবশ্যই একটি দল হিসেবে প্রতিযোগিতা করতে চাই এবং যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা খুবই সফল একটি সফর হবে।’