বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে
কয়েক মিলিমিটার এদিক-ওদিক হলেই হয়তো বুলেটগুলো অন্যভাবে আঘাত করত। আর তাহলে বাংলাদেশের ফুটবলের অন্যতম নিবেদিতপ্রাণ খেলোয়াড় হিসেবে যিনি আজও দেশকে সেবা করে চলেছেন, সেই জামাল ভূঁইয়া হয়তো আজ ফিফার সঙ্গে বসে কথা বলতেন না।
নিজ দেশের ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন ফিফার সঙ্গে আলাপকালে প্রায় দুই দশক আগের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করলেন বাংলাদেশ অধিনায়ক। সেদিন যেন চোখের সামনে নিজের জীবনকে শেষ হয়ে যেতে দেখেছিলেন তিনি।
“আমি কোপেনহেগেনে জন্মেছি এবং সেখানেই বড় হয়েছি। একদিন বিকালে স্কুলের কাছাকাছি জায়গায় আমাকে গুলি করা হয়। তখন আমার পিঠে স্কুলব্যাগ ছিল। হঠাৎ একজন দৌড়ে এসে আমাদের বলল, এখান থেকে চলে যেতে। আমি ভাবছিলাম, সে কী বলছে!”
জামাল বলেন, “এর এক-দুই মুহূর্ত পরই গুলি শুরু হয়। আমাকে চারবার গুলি করা হয়েছিল। তিন দিন কোমায় ছিলাম। এরপর সুস্থ হয়ে উঠতে আরও কয়েক মাস হাসপাতালে কাটাতে হয়েছে। আমার জন্য ঘটনাটি ছিল সত্যিই খুব বেদনাদায়ক। কারণ, তখন আমি জীবনের খুব ভালো একটা সময়ের মধ্যে ছিলাম। এফসি কোপেনহেগেনের যুবদলে ভালো খেলছিলাম।”
কোমা থেকে জ্ঞান ফেরার পরের স্মৃতিও জামালের কাছে আজও স্পষ্ট, “জ্ঞান ফেরার পর নার্সকে বলেছিলাম, আমার কোচকে ফোন করতে হবে। তাকে বলতে হবে, আগামীকাল আমি খেলতে পারব না। নার্স আমাকে জিজ্ঞেস করলেন, আজ কী বার মনে হচ্ছে? আমি বললাম, শুক্রবার।
“তখন তিনি বললেন, ‘না, আজ সোমবার।’ এরপর তিনি আমাকে একটি সংবাদপত্র দিয়ে দেখালেন, আসলে কী ঘটেছিল।”
সেদিন হয়তো ভুল জায়গায়, ভুল সময়ে ছিলেন জামাল। কিন্তু পরবর্তী জীবনে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন সঠিক জায়গায়, সঠিক সময়ে উপস্থিত একজন হিসেবে।
ডেনমার্ক, বাংলাদেশ, ভারত ও আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। এখন তিনি এগিয়ে যাচ্ছেন জাতীয় দলের হয়ে একশ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলকের দিকে। দেশের যখনই তাকে প্রয়োজন হয়েছে, তিনি সাড়া দিয়েছেন। যেখানেই থাকুন না কেন, জাতীয় দলের ডাক এলে ছুটে এসেছেন। শরীর যতদিন সায় দেবে, এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার।
জামাল বলেন, “অবশ্যই, সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এই মুহূর্তে আমার শরীর ভালো আছে। জাতীয় দল এবং বাংলাদেশকে আমি ভীষণ ভালোবাসি।
“আমি অনেক অবসর নেওয়া খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। তারা সবসময় বলেন, খেলোয়াড়ি জীবনে যে মুহূর্তগুলো পেয়েছেন, তখন সেগুলো আরও বেশি উপভোগ করা উচিত ছিল। আমি জানি, আমার এবং দলের ওপর অনেক মানুষের অনেক প্রত্যাশা। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশের হয়ে খেললে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে প্রায় ১৮ কোটি মানুষ, আর ২৩ সদস্যের দলে আমি সেই নির্বাচিত কয়েকজনের একজন। এটা আমি কখনোই হালকাভাবে নিই না। প্রতিবার মাঠে নামা কিংবা জাতীয় দলের সঙ্গে থাকা আমার কাছে বিশেষ কিছু। বছরের পর বছর অনেক খেলোয়াড়কে আসতে-যেতে দেখেছি। আর যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, ততই উপভোগ করছি। কারণ আমি ফুটবলকে ভালোবাসি, আমার দলকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি।”
ফুটবলের প্রতি জামালের ভালোবাসা শুধু খেলোয়াড় হিসেবে নয়, একজন সমর্থক হিসেবেও। জামাল বলেন, “বিশ্বকাপের প্রথম দিকে আমি বাংলাদেশে ছিলাম। এরপর ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাই। ছয়-সাতটি ম্যাচ দেখেছি। সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল আর্জেন্টিনা ও মিসরের ম্যাচটি দেখা। সেখানে কত নাটকই না হয়েছে! গোল হয়েছে, আবার গোল বাতিল হয়েছে। আর্জেন্টিনা পিছিয়ে পড়লে তাদের সমর্থকদের কাঁদতে দেখেছি। এরপর শেষদিকে পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়েছিল। ব্রাজিলের সমর্থক হয়েও আমি ভাবছিলাম- এ কী পাগল করা পরিবেশ!”
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও তেমনই উন্মাদনা দেখতে চান জামাল। আগামী সপ্তাহে এশিয়ান কাপের সহ-আয়োজক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ফিফার নতুন এই টুর্নামেন্ট বাংলাদেশের ‘লাল-সবুজ যোদ্ধাদের’ জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়েরও বড় সুযোগ। দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান ও প্রতিষ্ঠিত দলগুলোর বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
তবে জামালের চূড়ান্ত স্বপ্ন আরও বড়। জামাল বলেন, “আমাদের সবারই স্বপ্ন আছে। আমরা সবাই চাই আমাদের দেশ বিশ্বকাপে অংশ নিক। কারণ বিশ্বকাপই বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ। সেখানে যেতে হলে আমাদের আরও অনেক কিছু করতে হবে। আরও ভালো লিগ দরকার, হয়তো আরও বেশি খেলোয়াড়কে বিদেশে খেলতে যেতে হবে। তবে স্বপ্নটা আমাদের আছে।”
বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনার কথাও তুলে ধরেন জামাল, “বিশ্বকাপের সময় বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। রাজধানীর প্রায় প্রতিটি ভবনে কোনো না কোনো পতাকা দেখা যায়- ব্রাজিল, আর্জেন্টিনা, কিংবা ইংল্যান্ডের। ব্রাজিল বা আর্জেন্টিনা যখন খেলে, তখন বড় পর্দায় খেলা দেখতে ২০ থেকে ৩০ হাজার মানুষ পর্যন্ত জড়ো হয়। এখন একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি- তাহলে কী হবে! সেটা হবে উন্মাদনার সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা।”