ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম থেকে প্রায় ৩৫০ মিটার উত্তর-পশ্চিমে ওয়ার্ফসাইড এলাকায় নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে ইউনাইটেড। ছবি: দ্য সান
এক লাখ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নিতে জমি কিনতেই ৬৩.৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২৫-২৬ মৌসুমের আর্থিক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সামগ্রিক লোকসান হয়েছে ৪৩ মিলিয়ন পাউন্ড। তবে একই সময়ে নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় জমি অধিগ্রহণে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে ক্লাবটি।
বর্তমান ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম থেকে প্রায় ৩৫০ মিটার উত্তর-পশ্চিমে ওয়ার্ফসাইড এলাকায় নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে ইউনাইটেড। প্রস্তাবিত স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ দর্শক।
ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর বেরাদা বার্ষিক প্রতিবেদনে বলেন, “নতুন ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। স্টেডিয়ামের প্রস্তাবিত স্থানের অংশ হিসেবে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক”।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চলতি বছরে নতুন স্টেডিয়াম নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় জমি কেনায় ৬৩.৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে।
তবে ইউনাইটেডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জমি কেনার এ ব্যয় আগামী মাসগুলোতে খেলোয়াড় কেনার বাজেটে প্রভাব ফেলবে না। জানা গেছে, জমি কেনার জন্য বিশেষভাবে বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন করা হয়েছে।
এদিকে, নতুন স্টেডিয়ামকে কেন্দ্র করে ওল্ড ট্র্যাফোর্ড এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে ট্র্যাফোর্ড কাউন্সিল সম্প্রতি ধারাবাহিকভাবে পরামর্শ সভার আয়োজন করেছে। পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই থাকছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবিত নতুন স্টেডিয়াম।