মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে আট বিভাগের বিপুলসংখ্যক ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নেন। ছবি :বিসিবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে ক্রিকেটারদের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে আট বিভাগের বিপুলসংখ্যক ক্রিকেটার এই পরীক্ষায় অংশ নেন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। এবারের ফিটনেস পরীক্ষা শুধু এনসিএলের প্রস্তুতির অংশ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য দীর্ঘমেয়াদি ফিটনেস নীতিও চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টেডিয়ামের তথ্য অনুযায়ী, আট বিভাগের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য তিন বছরের প্রোগ্রেসিভ ফিটনেস প্রোগ্রাম চালু করেছে বিসিবি। নতুন এই কর্মসূচিতে প্রতিবছর নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে হবে ক্রিকেটারদের। চলতি বছর পেসারদের ১৬০০ মিটার দৌড় শেষ করতে হবে সাত মিনিটের মধ্যে। অন্য ক্রিকেটারদের জন্য সময়সীমা ৭ মিনিট ২০ সেকেন্ড। পরবর্তী দুই বছরের লক্ষ্য পরে নির্ধারণ করবে বিসিবি। প্রথম পরীক্ষায় নির্ধারিত মানে পৌঁছাতে না পারলে আরও দুটি সুযোগ পাবেন ক্রিকেটাররা। প্রতিটি পুনঃপরীক্ষা হবে আগের পরীক্ষার ১০ দিন পর। তবে তিনবারের চেষ্টাতেও নির্ধারিত মান পূরণ করতে না পারলে এনসিএলের জন্য বিবেচিত হবেন না সংশ্লিষ্ট ক্রিকেটার। শুধু এনসিএল নয়, যেসব বিসিবি টুর্নামেন্টে ফিটনেসের এই মানদণ্ড প্রযোজ্য, সেসব টুর্নামেন্টের ড্রাফটেও জায়গা হবে না তাদের। এমনকি পরবর্তী মৌসুমের প্রথম শ্রেণির চুক্তির জন্যও তাদের বিবেচনা করা হবে না। এই কর্মসূচির বাস্তবায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে বিসিবির মেডিকেল ও ট্রেনিং বিভাগ। অফ-সিজনে তিন মাস ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন বিভাগে ট্রেনার নিয়োগ দেওয়া হবে। এতে ঢাকার বাইরেও ক্রিকেটারদের ফিটনেসের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নতুন ফিটনেস নীতি নিয়ে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেছে বিসিবি। সেখানে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলোয়াড়দের সামনে নীতিটির বিভিন্ন দিক তুলে ধরেছেন। নতুন এই ব্যবস্থার প্রভাব পড়তে পারে এনসিএলে ক্রিকেটারদের অংশগ্রহণেও। পরপর পরীক্ষায় ব্যর্থ হলে পরবর্তী পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে তাদের। এর মধ্যে এনসিএলের ম্যাচ পড়ে গেলে সেই ম্যাচে খেলার সুযোগও হারাতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। এর আগে এনসিএলের প্রস্তুতিতে ২১ দিনের ফিটনেস ক্যাম্প আয়োজন করা হতো। এবার সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে পুরো অফ-সিজনে তিন মাসের ফিটনেস উন্নয়ন ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে চায় বিসিবি।