প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩০ পিএম
এশিয়ান গেমসের মূল পর্বের আগে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ছবি: বিসিবি
এশিয়ান গেমসে সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।
তবে সেই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন ‘এ’ দলকে হারিয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের ‘বি’ দল। ৬ উইকেটের এই হারে এশিয়ান গেমসের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কিছুটা প্রশ্নও তৈরি হয়েছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লিটনের দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম। ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল চার ও ছক্কায়।
তবে তার বাইরে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাইফ হাসান ১৩ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন। অধিনায়ক লিটন দাস ২৩ বলে করেন ২৩ রান। তাওহীদ হৃদয় ৩ বলে ৪ রান করে মোসাদ্দেক হোসেনের শিকার হন। ইয়াসির আলী করেন ১৪ বলে ১৪ রান। শেষ দিকে মেহেদীর ব্যাট থেকে আসে ৮ রান।
বল হাতে ‘বি’ দলের হয়ে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ‘বি’ দল। নাঈম শেখকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন সৌম্য সরকার।
নাঈম ২৬ বলে ২৯ রান করে ফিরে গেলেও সৌম্য ছিলেন অপ্রতিরোধ্য। ৪৪ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। পারভেজ হোসেন ইমন মাত্র ২ রান করে আউট হন। স্কোয়াডের বাইরে থাকা সাব্বির রহমান ২৬ বলে করেন ২৬ রান।
শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯ ওভারের শেষ তিন বল আগে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তার দল।
এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। এর আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং ব্যর্থতা অবশ্যই দলের জন্য সতর্কবার্তা। মূল প্রতিযোগিতায় নামার আগে ব্যাটিং-বোলিংÑ দুই বিভাগেই নিজেদের ঘাটতি কাটিয়ে ওঠাই এখন বাংলাদেশের লক্ষ্য।