গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তিন সংস্করণকে একটি কাঠামোর আওতায় এনে ছয় দলের নতুন ঘরোয়া প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বর ২০২৬-এ নতুন কাঠামোর প্রথম টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষদের চার দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ফি হবে ১ লাখ ৫০ হাজার টাকা। এক দিনের ক্রিকেটে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করে পাবেন খেলোয়াড়রা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নারী ক্রিকেটেও ফি বাড়ানো হয়েছে। তিন দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ৪০ হাজার, এক দিনের ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করেছে বিসিবি।
এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বোর্ড। একই সাথে ঘরোয়া ক্রিকেটে কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টোয়েন্টিÑ তিন সংস্করণেই ছয়টি দল অংশ নেবে। এই তিন সংস্করণকে একটি প্রতিযোগিতা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এই দলগুলোর মালিকানাস্বত্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। নতুন কাঠামোর প্রথম আয়োজন হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এর সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদনও দিয়েছে বোর্ড। আইএএএফ অনুমোদিত এই বিশেষায়িত তিন লেনের ট্র্যাকটি ক্রিকেটারদের প্রশিক্ষণ, ফিটনেস কার্যক্রমসহ বিভিন্ন ক্রীড়া কর্মকাণ্ডে ব্যবহার করা হবে। মিরপুর স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ ও কমন লবির উন্নয়নকাজের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামে আরও দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণ করা হবে। নতুন ড্রেসিংরুমগুলো ঘরোয়া টুর্নামেন্ট, প্রস্তুতি ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রমে ব্যবহার হবে। আন্তর্জাতিক ম্যাচের জন্য প্যাভিলিয়ন ভবনের বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত সংরক্ষণ করা হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি। প্রস্তাবিত উন্নয়নকাজের জন্য একজন পরামর্শক নিয়োগ করা হবে।