কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসা।
এই তিন নতুন চমককে সঙ্গী করে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ টমাস ডুলির ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়ে এবার বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই ত্রয়ী।
নতুনদের মধ্যে তরুণ আক্রমণভাগের খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বেশি আশাবাদী টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন ধরে জাতীয় দলে একজন জাত সেন্টার ফরোয়ার্ডের যে খরা চলছিল, তা মেটাতে ফারহানকে উপযুক্ত সমাধান হিসেবে ভাবছেন কোচ ডুলি। তবে দেশীয় ক্যাম্পে তিনি ছিলেন না; সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন এই ফরোয়ার্ড।
ডিফেন্স মজবুত করতে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নজর কাড়া জিদান ইউসুফ। অন্যদিকে আক্রমণভাগে বৈচিত্র্য আনতে ডুলির আস্থায় জায়গা করে নিয়েছেন জাপানপ্রবাসী শুকি ইতফুসা।
নতুন এই তিনজনের সংযোজনে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি আরও জোরদার হলো। আগে থেকেই স্কোয়াডে থাকা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামের পাশে এখন যুক্ত হলো ফারহান, জিদান ও শুকির নাম।
তবে নবীনদের জায়গা দিতে গিয়ে অভিজ্ঞতাকে ছেঁটে ফেলেননি ডুলি। অধিনায়ক জামাল ভূঁইয়া, রক্ষণভাগের ভরসা তপু বর্মন, সাদ উদ্দিন ও রহমত মিয়ার পাশাপাশি শেখ মোরসালিন ও রাকিব হোসেনের মতো পরীক্ষিত তারকাদের রেখে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্যপূর্ণ দল গড়েছেন তিনি।
আগামীকাল ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের আসিয়ান কাপ মিশন। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ডুলির শিষ্যরা।
একনজরে ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মনজুরুর রহমান।
মধ্যমাঠ: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা