বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো। ছবি: বাসস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে দুই ব্যক্তিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিসিবি।
এতে বলা হয়, বিপিএলের ১১তম ও ১২তম আসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টেগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা ২০২৪-এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন- মো. আবদুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খান।
রাশেদ বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ছিলেন। অন্যদিকে আমিন খান বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী এবং ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক অপারেশন ম্যানেজার।
বিসিবির অভিযোগ অনুযায়ী, রাশেদের বিরুদ্ধে ম্যাচ বা ম্যাচের ফলাফল, অগ্রগতি কিংবা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা, ম্যাচ ফিক্সিং বা ফিক্সিংয়ের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে নিজের ব্যবহৃত প্রধান মোবাইল ফোন জমা দিতে বলা হলেও রাশেদ তা দেননি বলে বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন না দেওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অন্যান্য তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বোর্ড। এ কারণে তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্য অভিযুক্ত আমিন খানের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত, উৎসাহিত, প্রস্তাব বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা ধ্বংস করার অভিযোগও রয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযোগগুলো আইসিসির অ্যান্টি-করাপশন কোডের সংশ্লিষ্ট ধারার আওতায় আনা হয়েছে। তবে অভিযোগ আনা মানেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন নয়। চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির বিধিমালা অনুযায়ী অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের বক্তব্য জানানোর জন্য অভিযুক্ত দুজন ১৪ দিন সময় পাবেন। এরপর তাদের জবাব ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিপিএলকে ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তে বিসিবির এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচের স্বচ্ছতা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম আবারও আলোচনায় এসেছে। তবে বিষয়টি নিয়ে এই পর্যায়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।