× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৮ পিএম

ম্যাচ বাতিল হলেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ম্যাচ বাতিল হলেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

জাপানের নাগোয়ায় টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়াল না। টসও হয়নি। তবে ম্যাচ বাতিল হলেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নাগোয়ায় ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন অংশ ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শন করেন। প্রতিবারই মাঠের অবস্থা খেলার জন্য অনুপযোগী বলে মনে হয়। নির্ধারিত সময় পার হওয়ার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

ম্যাচ না খেলেও অবশ্য পরের ধাপে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশকেই সেমিফাইনালে পাঠানো হয়। ফলে মাঠের লড়াই ছাড়াই শেষ চার নিশ্চিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের।


এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া কিংবা মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচ বাতিল হলে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরের ধাপে যাওয়ার নজির অবশ্য নতুন নয়। হাংজু এশিয়ান গেমসেও এমন পরিস্থিতিতে একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে। বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি চীনের মুখোমুখি হওয়ার আগে পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব”।

চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমস সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না- যার অর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে এটি প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলাটা আর হলো না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা