ফিল্ডিং কোচ, জেমস প্যামেন্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫ পিএম
বাংলাদেশের ফিল্ডিং কোচকে শেষ বিদায় দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ছবি: বিসিবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জেমস প্যামেন্ট। ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া এই কোচের অধ্যায় শেষ হলো ২০২৬ সালের সেপ্টেম্বরে।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেই বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না প্যামেন্ট। এরপর অস্ট্রেলিয়া সিরিজেও তাকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়া সফরেও দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন না তিনি। প্যামেন্টের অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন দেশি কোচ আশিকুর রহমান মজুমদার।
মিরপুরে বিদায়বেলায় বুধবার শিষ্যদের সাথে কথা বলেছেন তিনি। পাকিস্তান সিরিজের পর থেকেই বাংলাদেশ দলের সঙ্গে প্যামেন্টের উপস্থিতি ছিল অনিয়মিত।
ইংল্যান্ডে জন্ম নেওয়া প্যামেন্ট দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডে বসবাস করছেন। কোচিং ক্যারিয়ারে নিউজিল্যান্ডের বিভিন্ন পর্যায়ের দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন প্যামেন্ট। সেখানে মূলত ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন তিনি। বাংলাদেশ দলের দায়িত্বে থাকাকালীন এক বছরের মধ্যে একাধিকবার চোটে পড়েছিলেন প্যামেন্ট। বারবার চোটে পড়ার কারণে দলের সঙ্গে নিয়মিতভাবে দায়িত্ব পালন করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
পাকিস্তান সিরিজ থেকে তার অনিয়মিত উপস্থিতিও সেই পরিস্থিতিকে আরও স্পষ্ট করে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্যামেন্টের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শেষ পর্যন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন তিনি। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা আশিকুর রহমান মজুমদারই আপাতত ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন।