সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সম্প্রতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই মন্তব্য করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি দাবি করেন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি মূলত তারই ছিল এবং এ বিষয়ে তিনি একাধিকবার প্রকাশ্যেও বক্তব্য দিয়েছেন।
আসিফ নজরুল বলেন, “এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রকাশ করার কারণ বুঝতে পারছি না”।
তার ভাষ্য অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘অপমানজনকভাবে’ বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতির সূত্রপাত।
এরপর নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
আসিফ নজরুলের দাবি, বাংলাদেশের নিরাপত্তা-আশঙ্কা অমূলক ছিল না। এ বিষয়ে আইসিসির প্রথম দিকের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ তুলে ধরা হয়েছিল- বিশ্বকাপ দলে মুস্তাফিজের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপট”।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে কেন খেলতে যাবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি। কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু সম্ভবত আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যে থাকার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি”।
আসিফ নজরুলের অভিযোগ, আইসিসির নেতৃত্বে ভারতীয়দের প্রভাব থাকার কারণেই বিকল্প ভেন্যুতে খেলার উদ্যোগ সফল হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশকে ভারতে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।
তার মতে, ওই সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল স্পষ্ট—‘দেশের মর্যাদা’, ‘ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা’ এবং ‘আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা’।
বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ হয়ে যেতে পারে- সে সময় এমন আশঙ্কার কথাও বলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন উদ্যোগের ফলে শেষ পর্যন্ত সেই আশঙ্কা দূর হয়েছিল বলে দাবি করেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা।
তিনি বলেন, “সে সময় বলা হয়েছিল, বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে। আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল। আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম”।
ফেসবুক পোস্টের শেষাংশে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী। মাথা নত করে সব মেনে নেয়াতে না”।