নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা পেতে হয়েছে মনিকা চাকমাদের। ছবি: বাফুফে
খেলায় জয় যেমন থাকবে, তেমনি হারও থাকবেÑ এটাই স্বাভাবিক। তবে হারেরও একটা ‘মাত্রা’ থাকে।
ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার এশিয়ান গেমসের ফুটবলে এফ-গ্রুপের ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এমনই লজ্জার হারে ডুবেছে, যা তাদের ইতিহাসেরই সবচেয়ে লজ্জাজনক পরাজয়।
লাল-সবুজ বাহিনীর শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। নারী ফুটবলে সেটিই এতদিন ছিল সবচেয়ে বড় পরাজয়।
এক যুগেরও বেশি সময় পর সেই রেকর্ড ছাড়িয়ে গেল উত্তর কোরিয়ার বিপক্ষে এই হার। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিনই বাটলার জানিয়েছিলেন, ফলাফলকে গুরুত্ব না দিয়ে তিনি তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী একাদশে জায়গা পান মৌমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনদের মতো তরুণরা।
অন্যদিকে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহার শুরু থেকে মাঠে ছিলেন না। তরুণদের বড় মঞ্চে অভিজ্ঞতা দেওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত এত বড় ব্যবধানের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথমার্ধেই সাত গোল হজম করায় কোচের কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা ও মনিকার মতো অভিজ্ঞরা মাঠে নামলেও তখন ম্যাচ অনেকটাই নাগালের বাইরে চলে যায়।
এই লজ্জার হারে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। সামাজিক মাধ্যমে এই হারের জন্য কোচ বাটলারকে তুলো ধুনো করছেন তারা। অনেকেই বাটলারের রোষানলের শিকার হয়ে দল থেকে বাদ পড়া সাবিনা-কৃষ্ণা-মাসুরাসহ ‘বিদ্রোহী’দের ফিরিয়ে আনারও দাবি তুলেছেন।
এ বছর নারী এশিয়ান কাপেও উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫-০ গোলে হেরেছিল ঋতুপর্ণাদের দল। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে এবার একই প্রতিপক্ষের কাছে দ্বিগুণ ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে।
সোমবার ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। ম্যাচের পঞ্চম মিনিটেই জন রয়োং জংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন একই ফরোয়ার্ড। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে উত্তর কোরিয়া।
প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যাওয়ার সুযোগই খুব কম পেয়েছে লাল-সবুজের মেয়েরা। অন্যদিকে উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে গিয়ে বারবার ভুল করেছে বাংলাদেশের রক্ষণ। প্রথমার্ধেই আরও পাঁচবার বাংলাদেশের জালে বল পাঠায় এশিয়ার পরাশক্তিরা। ফলে বিরতির আগেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার গোলের ক্ষুধা কমেনি। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুম গোল করলে ব্যবধান আরও বাড়ে। শেষদিকে বাংলাদেশের গোলরক্ষক মিলি কয়েকটি ভালো সেভ করে দলকে আরও বড় বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন। ৮৫ মিনিটে কুম জংয়ের গোলের পর হান জিন হংয়ের শটও দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে প্রতিহত করেন মিলি। তবে শেষ পর্যন্ত হান জিন হংয়ের কোনাকুনি শট আর ঠেকাতে পারেননি তিনি। তাতেই বাংলাদেশের পরাজয়ের ব্যবধান দুই অঙ্কে পৌঁছে যায়।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন, “আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আমাদের এমন একজন মেয়ে রয়েছে, যার বয়স মাত্র ১৫ বছর। এখন তরুণ খেলোয়াড়দের বিকাশের নীতি বাস্তবায়ন করা সঠিক নাকি ভুলÑ হয়তো অনেকেই আমাদের কাজের এই উন্নয়নমূলক দিকটি পছন্দ করছেন না। তবে আপনাকে বুঝতে হবে যে আমাদের নিজস্ব কোনো স্বীকৃত লিগ নেই। আমি কোনো অজুহাত দিচ্ছি না, কারণ আজকের এই ফলাফলের পুরো দায় আমি নিচ্ছি; যেহেতু তারা আমার খেলোয়াড়”।
শুধু তরুণদের খেলানোকেও হারের একমাত্র কারণ মনে করেন না বাটলার। উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তির পার্থক্যও তিনি স্পষ্ট করেছেন। প্রতিপক্ষের গতি ও মানের সঙ্গে বাংলাদেশের মেয়েরা এখনও অভ্যস্ত নন। বাটলারের মতে, “তাদের গতির সঙ্গে আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। এই মানের দলের বিপক্ষে খেলার মতো আমরা এখনও প্রস্তুত নই”।
ম্যাচে হারলেও বিরতির পর দলের খেলায় সামান্য উন্নতি দেখেছেন বাটলার। তার কাছে উত্তর কোরিয়া ম্যাচের ফলের চেয়ে সামনে থাকা মিয়ানমার ম্যাচই বাংলাদেশ নারী দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ‘১-০ বা ১০-০- ফলটা এখন বড় বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য মিয়ানমার ম্যাচ।’
দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সেই ম্যাচেও একই ধরনের পরিস্থিতি হতে পারে বলে মনে করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোলের এই হার তাই বাংলাদেশের জন্য শুধু একটি ম্যাচের পরাজয় নয়; বরং সাম্প্রতিক সময়ে নারী ফুটবলের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেই আরও বড় এক ধাক্কা। এখন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াই বাটলার ও তার শিষ্যদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।