× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের প্রথম পরীক্ষা আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পিএম

আজ বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে তাদের প্রথম পরীক্ষা দিতে। প্রথম পরীক্ষাতেই তাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

আজ বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে তাদের প্রথম পরীক্ষা দিতে। প্রথম পরীক্ষাতেই তাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

জাপানের আইচি নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। তার আগে ফুটবল ইভেন্টের খেলা শুরু হবে আজ সোমবার থেকে। আজ বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে তাদের প্রথম পরীক্ষা দিতে। প্রথম পরীক্ষাতেই তাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, উত্তর কোরিয়া। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। 

এই ম্যাচের আগে সোমবার আনুষ্ঠানিক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন মারিয়া মান্দাদের হেড কোচ পিটার বাটলার। এই কোচ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে বাস্তববাদী হতে হবে, ফলে জয় নিয়ে তাদের খুব আশাবাদী হওয়ার কিছু নেই। তার চেয়ে বরং কঠিন প্রতিপক্ষ হলেও তিনি ম্যাচ উপভোগ করার মন্ত্র দিয়েছেন তার শিষ্যদের। 

উত্তর কোরিয়া ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বাটলার বলেন, ‘এই ম্যাচের জন্য আমাদের আলাদা কোনো বিশেষ পরিকল্পনা নেই। মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। নিজেদের প্রতি সৎ থেকে বলতে গেলে এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না, বাস্তবতাও হয়তো সেটাই।’

এ বছরের মার্চে এএফসি উইমেন্স এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলে বাংলাদেশ। যেখানে গ্রুপ পর্বে দেখা হয় উত্তর কোরিয়ার বিপক্ষে। ম্যাচে ৫-০ গোলে হারে বাংলাদেশ। ছয় মাসের ব্যবধানে ফের সেই নারী ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামছে বাটলারের শিষ্যরা। 

সেই ম্যাচের কথা মনে করে বাটলার বলেন, ‘গত এশিয়ান কাপে আমরা তাদের কাছে ৫-০ গোলে হেরেছিলাম। সেবার আমরা মোটেও ভালো খেলতে পারিনি, তবে সেই হার আমাদের তরুণ মেয়েদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল।’

ম্যাচে বাংলাদেশের হারটা অনুমিতই ছিল। তবে এর পেছনের সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এই ব্রিটিশ কোচ, ‘আমাদের বাস্তবমুখী হতে হবে। আমাদের দেশে তো মেয়েদের নিয়মিত কোনো লিগই নেই! তাই এই ম্যাচ নিয়ে আমাদের বড় কোনো ফলাফলের প্রত্যাশা না করে বাস্তববাদী হওয়া জরুরি। আমাদের মূল লক্ষ্য দলের মর্যাদা ধরে রাখা।’

এফ-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ থেকে সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হয়ে দুটি দলও যাবে শেষ আটে।

বাংলাদেশ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে এ নিয়ে দ্বিতীয়বার অংশ নিচ্ছে। ২০২৩ সালে অংশ নেওয়া আগেরবারের আসরে বাংলাদেশ নারী ফুটবল দল হেরেছিল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই। 

এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য গত ৩১ আগস্ট চীন সফরে যায় বাংলাদেশ। সেখানে ক্যাম্প করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেন মারিয়া, মনিকারা। 

টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের স্কোয়াডে স্বাভাবিকভাবেই আছেন মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা। তাদের সঙ্গে আছেন একঝাঁক তরুণ ফুটবলারÑ মৌমিতা, নবীরন, উন্নতি, আনিকা ও আইরিনরা। কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাটলার তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েক সুযোগ দেব। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো।’

কঠিন চ্যালেঞ্জ ও উপভোগের তাড়না নিয়ে ব্রিটিশ কোচ জানান, ‘পরিস্থিতি কতটা কঠিন হতে যাচ্ছে, তা নিয়ে আমার বিন্দুমাত্র বিভ্রান্তি নেই। তবে এই কঠিন চ্যালেঞ্জের মাঝেও আমরা খেলাটি উপভোগ করতে চাই।’

গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দলই শক্তিশালী। তিন দলই বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। 

গ্রুপের কঠিন বাস্তবতা নিয়ে বাটলার তাই বলেছেন, ‘আমরা ভালো করেই জানি যে এমন একটি গ্রুপে খেলছি যেখানে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দুটি দল-উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে। এমনকি র‌্যাঙ্কিংয়ের বিচারে মিয়ানমারও আমাদের চেয়ে এগিয়ে।’

গ্রুপ থেকে সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হয়ে আরও দুটি দল যাবে শেষ আটে। মিয়ানমারকে হারিয়ে গ্রুপের তৃতীয় হওয়া দল হিসেবেই পরের রাউন্ডে যেতে চাইবে বাংলাদেশ। 

এখন দেখার বিষয়, আজকের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ উত্তর কোরিয়ার বিপক্ষে কেমন খেলেন ঋতুপর্ণারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা