× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ এএম

সংস্কারকাজের কারণে প্রায় পাঁচ বছর ঘরোয়া ফুটবলের বাইরে থাকা দেশের প্রধান এই ভেন্যুতে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর লিগ ও ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

সংস্কারকাজের কারণে প্রায় পাঁচ বছর ঘরোয়া ফুটবলের বাইরে থাকা দেশের প্রধান এই ভেন্যুতে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর লিগ ও ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজনের জন্য খুলে যেতে পারে ঢাকা জাতীয় স্টেডিয়ামের দরজা। সংস্কারকাজের কারণে প্রায় পাঁচ বছর ঘরোয়া ফুটবলের বাইরে থাকা দেশের প্রধান এই ভেন্যুতে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর লিগ ও ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর সংস্কারকাজের জন্য জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল বন্ধ হয়ে যায়। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া আসরের ম্যাচ আর মাঠে গড়ায়নি।

তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। বাফুফে ভবনে কম্পিটিশন, প্রকিউরমেন্ট ও গ্রাউন্ডস কমিটির যৌথ সভায় দেশের বিভিন্ন ভেন্যুর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে গ্রাউন্ডস কমিটির প্রধান ও বাফুফে সদস্য ইকবাল হোসেন জানান, সাফ চ্যাম্পিয়নশিপের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের বড় ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে ফেডারেশন কাপের ফাইনাল কিংবা লিগের গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ ম্যাচগুলো এই ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে বাফুফে। আগামী ৪-১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। বাফুফের পরিকল্পনা, সাফ শেষ হওয়ার পর প্রস্তুত ভেন্যুটিকে ঘরোয়া ফুটবলের জন্যও ব্যবহার করা।

এদিকে শুধু রাজধানীকেন্দ্রিক না থেকে দেশের বিভিন্ন অঞ্চলেও ফুটবল ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাফুফে। প্রথমবারের মতো চাঁদপুর স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের পুরনো পিচ তুলে নতুন ঘাস বসানোর কাজ শেষ পর্যায়ে। আগামী ১৫ সেপ্টেম্বর বাফুফের প্রতিনিধিদল মাঠটি পরিদর্শনে যাবে।

এ ছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা, গাজীপুর ও মুন্সীগঞ্জের ভেন্যুগুলোও ম্যাচ আয়োজনের উপযোগী বলে জানিয়েছে কম্পিটিশন কমিটি। ফলে নতুন মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে ঘরোয়া ফুটবলের ম্যাচ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের।

তবে ভেন্যু নিয়ে আশাবাদ তৈরি হলেও লিগ মাঠে গড়ানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। এরই মধ্যে ১০টি ক্লাব একজোট হয়ে বাফুফের কাছে ছয় দফা দাবি জানিয়েছে। সরাসরি লিগ পিছিয়ে দেওয়ার দাবি না থাকলেও তাদের অবস্থানে সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বাফুফে ও ক্লাব একে অপরের পরিপূরক। ক্লাবগুলোর সহযোগিতা ছাড়া খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। কোনো ক্লাব খেলতে আপত্তি জানালে এক্সিকিউটিভ কমিটি বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে আপাতত পূর্বনির্ধারিত সূচিতেই লিগ শুরুর প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে দীর্ঘ সংস্কারযজ্ঞের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হলেও, সেটি বাস্তবে রূপ নিতে লিগের সূচি ও ক্লাবগুলোর সঙ্গে বাফুফের সমঝোতার দিকেও নজর থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা