× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরীর পোশাকে মেসির বর্ণিল ফুটবলজীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম

মিস ওয়ার্ল্ডের এবারের আসরে আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাডে পোশাকের কেন্দ্রে ছিলেন কেবলই লিওনেল মেসি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মিস ওয়ার্ল্ডের এবারের আসরে আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাডে পোশাকের কেন্দ্রে ছিলেন কেবলই লিওনেল মেসি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সৌন্দর্যের মঞ্চে পোশাক, সাজ আর আত্মবিশ্বাস মূল আলো কেড়ে নেয়। কিন্তু ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে সৌন্দর্যের সংজ্ঞাটাই যেন একটু বদলে দিলেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাড। তার পোশাকে সৌন্দর্যের পাশাপাশি ফুটে উঠল আবেগ, স্মৃতি আর ভালোবাসাÑ আর সেই গল্পের কেন্দ্রজুড়ে একজনই, লিওনেল মেসি।

বিভিন্ন দেশের প্রতিযোগীরা যখন নানা রঙ ও নকশার পোশাকে মঞ্চ মাতাচ্ছিলেন, তখন অ্যালিনার পোশাকটি আলাদা করে নজর কেড়ে নেয়। কারণ সেটি নিছক কোনো পোশাক নয়; ছিল মেসির দীর্ঘ ফুটবলজীবনের এক চলমান ক্যানভাস। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রঙের আদলে তৈরি পোশাকটির ওপরের অংশে ছিল জাতীয় দলের জার্সির ছাপ। আর নিচের অংশজুড়ে ফুটে উঠেছিল মেসির ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত।

কোথাও বিশ্বকাপ হাতে উচ্ছ্বসিত মেসি, কোথাও আবার বিশ্বকাপের ফাইনাল হারের পর হতাশায় ডুবে থাকা মেসি। ছিল ক্লাব ফুটবলের নানা অধ্যায়ের স্মৃতিও। নিউওয়েলস বয়েজ থেকে বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই থেকে ইন্টার মায়ামিÑ মেসির দীর্ঘ পথচলার বিভিন্ন অধ্যায় জায়গা পেয়েছে অ্যালিনার বিশেষভাবে পরিকল্পিত পোশাকে।

পোশাকটিতে মেসির ফুটবলজীবনের সাফল্য যেমন সেখানে রয়েছে, তেমনি রয়েছে ব্যর্থতা ও বেদনার ছবিও। অর্থাৎ শুধু ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মেসিকে নয়, লড়াই করতে করতে কখনও হতাশ হয়ে পড়া মেসিকেও তুলে ধরা হয়েছে। মেসির গল্প শুধু জয়ের নয়, হার পেরিয়ে আবার উঠে দাঁড়ানোরও।

আর্জেন্টিনার হয়ে মেসির আবেগও পোশাকে আলাদা জায়গা করে নিয়েছে। জাতীয় দলের জার্সিতে উল্লাস, সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন, বিশ্বকাপের স্মৃতিÑ সব মিলিয়ে পোশাকটি হয়ে উঠেছে আর্জেন্টাইন ফুটবলের এক আবেগঘন দলিল। আর সেই দলিলই বিশ্বসুন্দরীর মঞ্চে বহন করেছেন অ্যালিনা।

মেসি ঘিরে এই শ্রদ্ধার আবহ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার মহাতারকা। দেশের জার্সিতে দীর্ঘ পথচলার পর শেষ পর্যন্ত তিনি তুলে রাখেন জাতীয় দলের পোশাক। সেই বিদায়ের পরপরই বিশ্বসুন্দরীর মঞ্চে মেসিকে এভাবে তুলে ধরলেন তারই দেশের এক প্রতিযোগী।

ভিয়েতনামের সৌন্দর্যের মঞ্চে অ্যালিনার মেসিময় পোশাক যেন কেবল একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয়। এটি আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ যাত্রার প্রতি ভালোবাসার প্রকাশ। যে যাত্রায় ছিল শৈশবের স্বপ্ন, ক্লাব ফুটবলের অসংখ্য সাফল্য, দেশের হয়ে হতাশা, অশ্রু, অপেক্ষা এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ হাতে সেই বহুল প্রতীক্ষিত হাসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা