× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস ওপেন

সাবালেঙ্কার সামনে প্রতিশোধের সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম

আরিনা সাবালেঙ্কা। ছবি: ডব্লিউটিএ ট্যুর

আরিনা সাবালেঙ্কা। ছবি: ডব্লিউটিএ ট্যুর

নিউইয়র্কের আলো ঝলমলে মঞ্চে এবার শুধু ইউএস ওপেনের শিরোপাই নয়, লড়াই হবে টেনিসের সিংহাসন নিয়েও। মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা ও দ্বিতীয় বাছাই ইলিনা রিবাকিনা। একজন বর্তমান এক নম্বর, অন্যজন নতুন রানী হওয়ার অপেক্ষায়। মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে। তাই আজকের ফাইনালটা হয়ে উঠেছে একই সঙ্গে শিরোপা ও শ্রেষ্ঠত্বের দ্বৈরথ।

র‌্যাঙ্কিংয়ের পালাবদল অবশ্য এরই মধ্যে নিশ্চিত। সোমবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ হলে সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের এক নম্বর-রাজত্বের অবসান ঘটিয়ে শীর্ষস্থান দখল করবেন রিবাকিনা। তবে সাবালেঙ্কার জন্য হতাশার জায়গাটা আরও বড় হতে পারে। কারণ শীর্ষস্থান হারানোর পর যদি ফাইনালেও রিবাকিনার কাছে হারেন, তাহলে এক ঢিলে দুই আঘাতই আসবে বেলারুশের এই তারকার ওপর।

ফাইনালে জায়গা করে নিতে সাবালেঙ্কা দারুণ শক্তির পরিচয় দিয়েছেন। ঘরের কোর্টে খেলা যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে তিনি হারিয়েছেন ৭-৫, ৬-২ গেমে। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকা সাবালেঙ্কা প্রথম সেটে অনিচ্ছাকৃত ভুলে ভুগছিলেন। অন্যদিকে পেগুলা দ্রুত নিজের ছন্দ খুঁজে নিয়ে সাবালেঙ্কাকে চাপে রাখেন। কিন্তু ৫-৫ অবস্থার পর সাবালেঙ্কা যেন হঠাৎই নিজের আসল চেহারায় ফিরলেন। ৬-৫ গেমে গুরুত্বপূর্ণ ব্রেকের পর প্রথম সেট জিতে নেন তিনি। এরপর দ্বিতীয় সেটে আর পেগুলাকে দাঁড়াতেই দেননি।

এই জয়ে আরেকটি রেকর্ডও গড়েছেন ২৮ বছর বয়সী সাবালেঙ্কা। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে হার্ডকোর্টের প্রতিটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন তিনি, ওপেন যুগে যা নতুন রেকর্ড। নিউইয়র্কেও তার জয়যাত্রা অব্যাহত। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারার পর থেকে ইউএস ওপেনে আর হারেননি তিনি।

২৭ বছর বয়সী রিবাকিনা এরই মধ্যে দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। ২০২২ সালে উইম্বলডন জয়ের পর চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বড় শিরোপা জিতেছেন তিনি। এবার নিউইয়র্কে সাবালেঙ্কার বিপক্ষে আবারও জিততে পারলে তার হাতে উঠবে তৃতীয় গ্র্যান্ডস্লাম ট্রফি, আর নতুন বিশ্ব এক নম্বর হিসেবে অভিষেকটাও হবে স্বপ্নের মতো।

দুই তারকার মুখোমুখি লড়াইয়েও সাবালেঙ্কার সামান্য এগিয়ে থাকা ইতিহাস আছে। ১৭ বারের সাক্ষাতে ১০ বার জিতেছেন তিনি। চলতি বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল ও মায়ামির সেমিফাইনালেও রিবাকিনাকে হারিয়েছেন বেলারুশের তারকা। কিন্তু বছরের সবচেয়ে বড় মঞ্চ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শেষ হাসি হেসেছিলেন রিবাকিনাই। সেবার নির্ধারক সেটে ৩-০ গেমে এগিয়েও ম্যাচ ধরে রাখতে পারেননি সাবালেঙ্কা।

সব মিলিয়ে এবারের ইউএস ওপেন ফাইনাল যেন দুই ভিন্ন গল্পের মুখোমুখি দাঁড়ানো। সাবালেঙ্কা লড়বেন নিজের রাজত্বের শেষ অধ্যায়ে আরেকটি মুকুট যোগ করতে। রিবাকিনা লড়বেন নতুন এক যুগের দরজা খুলে দিতে। একজন হারাবেন এক নম্বরের সিংহাসন, অন্যজন সেই সিংহাসনে বসার আগেই তার সামনে দাঁড়িয়ে যাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা