× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাধুলার আঘাতে তেল মালিশ নয়

সালাউদ্দিন মুন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৪ পিএম

খেলাধুলার আঘাতের ক্ষেত্রে একটি ভুল ধারণা বেশ প্রচলিত হয়ে উঠেছে—তেল দিয়ে মালিশ করলেই সব ধরনের ব্যথা কমে যায়। সব ব্যথা এক ধরনের নয় এবং সব আঘাতের চিকিৎসাও এক নয়। ছবি : সংগৃহীত

খেলাধুলার আঘাতের ক্ষেত্রে একটি ভুল ধারণা বেশ প্রচলিত হয়ে উঠেছে—তেল দিয়ে মালিশ করলেই সব ধরনের ব্যথা কমে যায়। সব ব্যথা এক ধরনের নয় এবং সব আঘাতের চিকিৎসাও এক নয়। ছবি : সংগৃহীত

বর্তমানে খেলাধুলার আঘাতের ক্ষেত্রে একটি ভুল ধারণা বেশ প্রচলিত হয়ে উঠেছে—তেল দিয়ে মালিশ করলেই সব ধরনের ব্যথা কমে যায়। প্রিয় খেলোয়াড়, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। সব ব্যথা এক ধরনের নয় এবং সব আঘাতের চিকিৎসাও এক নয়।

খেলোয়াড়দের কমন কিছু ইনজুরি তুলে ধরছি:-

১.মাসেল আঘাত : এটি পেশির টান বা মাংসপেশি ফেটে যাওয়া। অতিরিক্ত ওজন তোলা বা হঠাৎ অসাবধানতাবশত নড়াচড়ার কারণে পেশিতে এই আঘাত লাগে।

​২.লিগামেন্ট : দুটি হাড়কে একসাথে যুক্ত রাখা শক্তিশালী টিস্যুকে লিগামেন্ট বলে। এতে টান লাগা বা ছিঁড়ে যাওয়াকে লিগামেন্ট স্প্রেইন বলা হয়, যা সাধারণত গোড়ালি বা হাঁটু মচকে গেলে ঘটে।

৩.​টেন্ডন : পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখার ফিতাসদৃশ টিস্যু হলো টেন্ডন। একই অঙ্গ বারবার ব্যবহারে বা অতিরিক্ত চাপে টেন্ডনে প্রদাহ বা টিয়ার হতে পারে (যেমন: অ্যাকিলিস টেন্ডন) খেলোয়াড়দের খুবই কমন বলা চলে।

৪.​বার্সা : হাড়, পেশি ও টেন্ডনের সংযোগস্থলে ঘর্ষণ কমানোর জন্য থাকা তরলপূর্ণ ছোট থলিকে বার্সা বলে। বার্সায় প্রদাহ হলে তাকে বারসাইটিস বলা হয়, যা সচরাচর কাঁধ, কনুই বা নিতম্বে দেখা যায়।

৫.​ফ্যাসিয়া : পেশি ও অঙ্গকে ঢেকে রাখা শক্ত ও পাতলা টিস্যুর স্তরকে ফ্যাসিয়া বলে। এই টিস্যুর প্রদাহকে ফ্যাসাইটিস বলা হয় (যেমন:  প্লান্টার ফ্যাসাইটিস)

৬.​হাড়ের ফ্র্যাকচার : বড় ধরনের আঘাত, পড়ে যাওয়া বা তীব্র চাপে শরীরের কোনো হাড় আংশিক বা সম্পূর্ণ ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া।

৭.​কনটিউশন বা থেঁতলে যাওয়া : ত্বকের ওপরের অংশ না কেটে ভেতরে চামড়া বা পেশির নিচের ছোট রক্তনালি ফেটে যাওয়া। এতে ত্বক লালচে বা নীলচে হয়ে ফুলে যায়।

৮.​লেসারেশন বা গভীর ক্ষত : ধারালো কোনো বস্তু বা তীব্র আঘাতে ত্বক ও নিচের টিস্যু কেটে বা ফেটে গভীর ক্ষত তৈরি হওয়া।

৯.​অ্যাব্রেশন বা ছড়ে যাওয়া : কোনো অমশ্রিণ তলে ঘষা লেগে ত্বকের ওপরের স্তর উঠে যাওয়া বা ছড়ে যাওয়া।

১০.​স্ট্রেস ইনজুরি : কোনো হাড় বা টিস্যুতে বারবার একই ধরনের চাপ পড়ার ফলে ধীরে ধীরে তৈরি হওয়া ক্ষয় বা মাইক্রো-ফাটল যেমন (​মিডিয়াল টিবিয়াল স্ট্রেস সিন্ড্রোম।

 ১১.​নার্ভ এনট্র্যাপমেন্ট বা নার্ভের ওপর চাপ : আশপাশের ফুলে যাওয়া টিস্যু, পেশি বা হাড়ের চাপে স্নায়ু বা নার্ভ চেপে যাওয়া এর ফলে ওই অংশে অবশ ভাব, ঝিনঝিন করা বা তীব্র ব্যথা হতে পারে।

যেমন : খেলোয়াড় ও সাধারণ মানুষের মধ্যে প্রায়ই দেখা যায় এমন কিছু জনপ্রিয় এবং কমন নার্ভ এনট্র্যাপমেন্ট বা নার্ভ চেপে যাওয়ার কন্ডিশন।

কার্পাল টানেল সিন্ড্রোম : কব্জির কার্পাল টানেলের ভেতর দিয়ে যাওয়া মিডিয়ান নার্ভ চেপে যায়। এর ফলে হাতের তালু, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমা আঙুলে ব্যথা, ঝিনঝিন ও অবশ ভাব হয়। (টাইপিস্ট, কিবোর্ড ব্যবহারকারী বা র‍্যাকেট খেলোয়াড়দের বেশি হয়)।

সাইটিকা : কোমরের কশেরুকা বা পিরিফর্মিস পেশির চাপে শরীরের সবচেয়ে বড় সাইটিক নার্ভ আক্রান্ত হয়। এর ফলে কোমর থেকে শুরু করে নিতম্ব ও পায়ের পেছন দিয়ে নিচের দিকে তীব্র ব্যথা নেমে যায়।

সাময়িক আরামের পেছনে না ছুটে আঘাতের প্রকৃত কারণ খুঁজে বের করা এবং সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদে সুস্থ থাকা উচিত। ছবি : সংগৃহীত

​কিউবিটাল টানেল সিন্ড্রোম : কনুইয়ের পেছনের খাঁজ দিয়ে যাওয়া আলনার নার্ভ চাপ খেলে এই সমস্যা হয়। এতে হাতের কনিষ্ঠা (ছোট আঙুল) ও অনামিকায় ঝিনঝিন করে বা শক্তি কমে যায়।

প্যারেস্থেটিকা মেরালজিকা : কুঁচকির কাছে লেটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ চেপে যাওয়ার কারণে উরুর বাইরের দিকে জ্বালা-পোড়া, অবশ ভাব বা সুই ফোটার মতো ব্যথা হয়। (অতিরিক্ত আঁটসাঁট বেল্ট বা কাপড় পরলে এটি হতে পারে)।

টার্সাল টানেল সিন্ড্রোম : গোড়ালি ও পায়ের পাতার ভেতরের দিকের পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ সংকুচিত হয়ে যায়। এর ফলে পায়ের পাতা ও গোড়ালিতে তীব্র জ্বালাপোড়া ও ব্যথা অনুভূত হয়।

পিরিফর্মিস সিন্ড্রোম : নিতম্বের পিরিফর্মিস পেশি অতিরিক্ত শক্ত বা স্ফীত হয়ে সাইটিক নার্ভকে চেপে ধরে। দৌড়বিদ ও সাইক্লিস্টদের মধ্যে এটি বেশি দেখা যায়।

সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি : ঘাাড়ের কশেরুকা বা ডিস্কের চাপে ঘাড়ের নার্ভ চেপে যায়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পিন্চড নার্ভ’ ও বলা হয়, যার ব্যথা ঘাড় থেকে কাঁধ ও হাতের দিকে ছড়িয়ে পড়ে।

কোনো খেলাধুলাজনিত আঘাত—প্রতিটি সমস্যার জন্য প্রয়োজন সঠিক পরীক্ষা, আঘাতের কারণ ও ধরন নির্ণয় এবং বৈজ্ঞানিক চিকিৎসা ও পুনর্বাসন।

তাই খেলাধুলার সময় কোনো ধরনের আঘাত পেলে নিজের সিদ্ধান্তে তেল মালিশ, অতিরিক্ত চাপ দেওয়া বা শুধু ব্যথা কমানোর চেষ্টা না করে আপনার যা করণীয়:-

প্রথমেই একজন অভিজ্ঞ স্পোর্টস চিকিৎসক ও স্পোর্টস ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

আপনার আঘাতের ধরন ও তীব্রতা সঠিকভাবে পরীক্ষা করান।

প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান।

আঘাতের প্রকৃতি অনুযায়ী বৈজ্ঞানিক ও পরিকল্পিত পুনর্বাসন কার্যক্রম শুরু করুন।

ধীরে ধীরে পেশির শক্তি, নমনীয়তা, ভারসাম্য, শরীরের অবস্থান সম্পর্কে অনুভূতি, গতি, ক্ষিপ্রতা ও খেলাভিত্তিক সক্ষমতা ফিরিয়ে আনুন।

একজন পেশাদার খেলোয়াড় কখনো আঘাত পাবেন না—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। তবে আঘাত প্রতিরোধ, সঠিক প্রশিক্ষণ, প্রশিক্ষণের চাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিশ্রাম, পুনরুদ্ধার এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে আঘাতের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আর একটি বিষয় মনে রাখবেন—“ব্যথা কমে যাওয়া মানেই আঘাত সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া নয়।”

তেল মালিশে সাময়িকভাবে আরাম পাওয়া যেতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে আঘাতের মূল সমস্যা ঠিক হয়ে গেছে। বরং ভুল সময়ে বা ভুল পদ্ধতিতে মালিশ করলে কিছু আঘাতের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

তাই প্রিয় খেলোয়াড়, সাময়িক আরামের পেছনে না ছুটে আঘাতের প্রকৃত কারণ খুঁজে বের করুন এবং সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদে সুস্থ থাকুন।

আপনার শরীরই আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্পদ।

আঘাতকে অবহেলা নয়—সঠিক মূল্যায়ন, বৈজ্ঞানিক চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসনকে গুরুত্ব দিন।

সুস্থ থাকুন, নিরাপদে খেলুন, দীর্ঘদিন মাঠে থাকুন।

 লেখক : সিনিয়র স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, শ্যামলী স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা