× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালের স্বপ্ন টাইগ্রেসদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ এএম

দুবাইয়ে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল।

দুবাইয়ে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল।

আরেকটি সেমিফাইনাল, প্রতিপক্ষও সেই ভারত। নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। দুবাইয়ে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে চান তারা। শেষ পর্যন্ত তা আর হয়নি। এখন ভারতের বিপক্ষেই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হারের পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালে উঠলে ভারতই হবে বাংলাদেশের প্রতিপক্ষ। তবে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় নিয়েও একটা সময় শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে কিছুটা ঘুরে দাঁড় করান শারমিন আক্তার। আসরে প্রথমবার সুযোগ পাওয়া অভিজ্ঞ এই ব্যাটার ৩১ বলে ৩৮ রান করেন। নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে গড়েন ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ছোট সেই পুঁজিই যথেষ্ট হয়ে যায় বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে। নতুন বলে মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। সাধারণত ইনসুইঙ্গারেই বেশি কার্যকর মারুফা এদিন কয়েকটি আউটসুইঙ্গারেও চমকে দিয়েছেন প্রতিপক্ষকে। এরপর স্পিনাররা নিজেদের কাজটা করেন নিখুঁতভাবে। একাদশে ফিরে রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান দিয়ে পান ১ উইকেট। ফাহিমা খাতুনের শিকারও একটি। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার।

বাংলাদেশের ১০৩ রানের জবাবে ২০ ওভারে সংযুক্ত আরব আমিরাত থামে ৬৯ রানে। ৩৪ রানের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিগারের দল। তবে সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত খুব একটা সুখকর নয়। সর্বশেষ এশিয়া কাপেও গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটে হেরেছিল দল। ২০২৩ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে থামতে হয়েছিল বাংলাদেশকে।

২০১৮ এশিয়া কাপের শিরোপা জয়ের স্মৃতি ছাড়া ভারতের বিপক্ষে বেশিরভাগ সময়ই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। তবু অতীত নিয়ে ভাবতে চান না নিগার। তার বিশ্বাস, নির্দিষ্ট দিনে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে পারলে শক্তিশালী ভারতকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব। নিগার বলেছেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল এবং খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব ওই দিনটিতে আমাদের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে। তা করতে পারলে দিন শেষে ফলাফলও মিলবে। আমরা শুধু আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্সটা প্রদর্শন করতে চাই।’ অন্য সেমিফাইনালে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা