× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনেকেই আমাকে এবারের ব্যালন ডি’অর জয়ী মনে করছেন: এমবাপ্পে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১২ পিএম

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেছেন, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর তাকে ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা স্বাভাবিক।

ফ্রান্স অধিনায়ক এবারের বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। যদিও তার দল শেষ পর্যন্ত চতুর্থ হয়েছে। বিশ্বকাপে মোট ২২ গোল করে তিনি এখন টুর্নামেন্টটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

২৭ বছর বয়সী এমবাপ্পে এখনও ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেননি।

সাংবাদিকদের তিনি বলেন, “আপনি যখন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে এমন পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। দলগত সাফল্য হোক বা ব্যক্তিগত অর্জন—সবকিছুর সঙ্গেই আপনার নাম জড়িয়ে যায়।”

তিনি আরও বলেন, “রাস্তায় অনেক মানুষ আমার সঙ্গে ব্যালন ডি’অর নিয়ে কথা বলে। অনেকেই আমাকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখে। অবশ্যই আমি এই গ্রীষ্মে খেলাধুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরে অনেক ইতিহাস গড়েছি। তবে শেষ পর্যন্ত কী হবে, সেটা সময়ই বলে দেবে।”

“আমার মনে হচ্ছে এটি এমন একটি বছর, যখন এই পুরস্কারের জন্য আমি আলোচনায় থাকতে পারি। তবে এখনও অনেক সময় বাকি। মানুষ যাকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করবে, তাকেই ভোট দেবে।”

২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পে গোলের বন্যা বইয়ে দিলেও ক্লাবটি এখনও কোনো বড় শিরোপা জিততে পারেনি।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ১৫ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানের মুখোমুখি হবে।

এমবাপ্পের প্রথম দুই মৌসুমে রিয়ালের দলে ভারসাম্যহীনতার অভিযোগ উঠেছে। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের বিরুদ্ধে দলের জন্য যথেষ্ট পরিশ্রম না করার সমালোচনা রয়েছে। অন্যদিকে পিএসজির উসমান দেম্বেলে ও বার্সেলোনার রাফিনিয়া দলীয় অবদানের জন্য প্রশংসা পাচ্ছেন।

এ বিষয়ে এমবাপ্পে বলেন, “আমাদের উন্নতি করতে হবে। আমি চাইলে বলতে পারতাম, আমি দেম্বেলে বা রাফিনিয়ার চেয়ে বেশি গোল করি, তাই তাদেরই আমার মতো হতে আরও বেশি গোল করতে হবে। কিন্তু সবাই আলাদা। অবশ্যই আমার উন্নতির জায়গা আছে, তবে আমি তুলনা পছন্দ করি না। কারণ আমি এমন অনেক কিছু করি, যা অন্যরা করে না।”

সম্প্রতি রিয়াল কোচ হোসে মরিনিয়ো বলেছিলেন, এমবাপ্পে কিছু কম গোল করলেও যদি দলের জন্য বেশি পরিশ্রম করে শিরোপা জিততে সাহায্য করেন, সেটাই তিনি বেশি পছন্দ করবেন।

এমবাপ্পে জানান, শিরোপার জন্য গোলসংখ্যা কিছুটা কম হলেও তার আপত্তি নেই। তবে তিনি মনে করেন, গোল করা এবং শিরোপা জেতা—দুটোই একসঙ্গে সম্ভব।

তিনি বলেন, “হ্যাঁ, শিরোপার বিনিময়ে ৩০ গোল মেনে নেব। কিন্তু আমার কাছে এটি অদ্ভুত এক বিতর্ক। আমি সব সময় গোল করতে চাই, আবার শিরোপাও জিততে চাই। দুটির মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই, দুটোই করা সম্ভব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা