প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬ পিএম
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ছবি: বিবিসি
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মতে, ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় এ বছরটি তার জন্য সেরা হওয়ার দারুণ সুযোগ রয়েছে। তবে পিএসজি ছাড়ার পর তাদের টানা চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে মোটেও ভাবছেন না তিনি।
২৭ বছর বয়সী এমবাপ্পে গত মৌসুমে তার ক্লাবের হয়ে ৪৪ ম্যাচে ৪২টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও দলগতভাবে কোনো শিরোপার দেখা পাননি তিনি। জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি, যা বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যাকে রেকর্ড ২২-এ নিয়ে গেছে। যদিও তার দেশ ফ্রান্স টুর্নামেন্টে চতুর্থ স্থান অর্জন করেছে।
পুরস্কারটি জয়ের সম্ভাবনা নিয়ে এমবাপ্পে বলেন, “আমি মনে করি যখন আপনি রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের সেরা ক্লাবে খেলবেন, মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে এই পুরস্কারের সঙ্গে মেলাবে। আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অবশ্যই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরে আমি নিজের ছাপ রেখেছি। হয়তো এটি জেতার জন্য ভালো একটি বছর হতে পারে, তবে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন।”
নিজেকে প্রমাণের আত্মবিশ্বাস ঝরে পড়ল তার কণ্ঠে, “আমি সব সময় নিজেকেই বিশ্বের সেরা মনে করি, তবে সবার নিজস্ব মতামত থাকতে পারে। এটি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সাংবাদিকরাই চূড়ান্ত ভোট দেবেন।”
ব্যালন ডি’অরের লড়াইয়ে এর আগে ২০২৩ সালে পিএসজিতে থাকাকালীন সর্বোচ্চ তৃতীয় হয়েছিলেন এমবাপ্পে। আগামী ২৬ অক্টোবর এ বছরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে বাজিকরদের তালিকায় এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন আরও তিনজন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমে রেকর্ড ৬১ গোল করা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বর্তমানে সবার পছন্দের শীর্ষে। এরপরের অবস্থানে আছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা লামিন ইয়ামাল এবং রদ্রি।
কিলিয়ান এমবাপ্পে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৩০৮ ম্যাচে ২৫৬ গোল)। ফ্রান্স জাতীয় দলের হয়েও ১০৬ ম্যাচে ৬৬ গোল করে শীর্ষে আছেন তিনি। তবে বার্নাব্যুতে যোগ দেওয়ার পর গত দুই বছরে কোনো বড় শিরোপা জেতা হয়নি তার। মজার বিষয় হলো, এমবাপ্পে ক্লাব ছাড়ার পর পিএসজি টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে, যা তারা আগে কখনো পারেনি।
সাবেক ক্লাবের এমন সাফল্য প্রসঙ্গে এমবাপ্পে বলেন, “আমি তো এটা পরিবর্তন করতে পারব না। সত্যি বলতে, আমি মোটেও পাত্তা দিই না। আমি ফুটবল বিশ্লেষণ করতে জানি এবং কেন এমন হয়েছে তা বুঝি। আমি ফুটবল সম্পর্কে সবকিছু না জানলেও অধিকাংশের চেয়ে বেশি বুঝি।”
রিয়াল মাদ্রিদে শিরোপা খরা নিয়ে তিনি বলেন, “রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতা বলে যে খুব বেশি দূরের চিন্তা করা উচিত নয়, কারণ অনেক কিছুই বদলে যেতে পারে। আমি এখন কেবল এটা ভাবছি কীভাবে নিজেকে প্রস্তুত রাখা যায় এবং চ্যাম্পিয়নস লিগে দলকে ভালো শুরু এনে দিয়ে শিরোপা জিততে সাহায্য করা যায়।”
টানা আটটি লিগ গোল্ডেন বুট (ছয়টি লিগ ওয়ান এবং দুটি লা লিগা) এবং বিশ্বকাপের দুটি গোল্ডেন বুট জয়ের রেকর্ড থাকলেও এমবাপ্পের শোকেসে এখনো ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নস লিগের শিরোপাটি অধরাই রয়ে গেছে।