× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৫ পিএম

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

টানা দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একসঙ্গে সাতজন ক্রিকেটারকে বাদ দেওয়ার পাশাপাশি কোচিং স্টাফেও আনা হয়েছে পরিবর্তন।

তবে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের মতে, চাপের মুখে নেওয়া এসব সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের সমস্যার স্থায়ী সমাধান নয়। তার চোখে, এগুলো অনেকটাই ‘লোক দেখানো পরিবর্তন।’ 

ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টের দলে বড় রদবদল করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও সালমান আলী আগাসহ সাতজনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের জায়গায় নেওয়া সাত ক্রিকেটারের পাঁচজনেরই নেই টেস্ট খেলার অভিজ্ঞতা।

এর পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। তাদের জায়গায় সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলে এত বড় পরিবর্তনের পর জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান মিসবাহ। পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেটে স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে বোর্ডের আচরণে দ্বিচারিতার অভিযোগ করেন তিনি। তার মতে, বিদেশি কোচরা স্থানীয় কোচদের তুলনায় বেশি ক্ষমতা ও কর্তৃত্ব পান।


মিসবাহ বলেন, “বিদেশি কোচ নিয়োগে আপত্তি নেই। তবে তাদের প্রতি সমর্থক, সংবাদমাধ্যম, সমালোচক ও পিসিবির মনোভাব তুলনামূলক নরম। দল খারাপ করলেও বিদেশি কোচদের কম দায়ী করা হয়, বিপরীতে স্থানীয় কোচদের সব সময় সমালোচনার মুখে পড়তে হয়”।

পাকিস্তান ক্রিকেটে এমন তাৎক্ষণিক সিদ্ধান্তের সমালোচনা করে মিসবাহ বলেন, “চাপের কারণে আমাদের আতঙ্কিত হয়ে লোক দেখানো পরিবর্তন আনা উচিত নয়। পারফরম্যান্স ও পরিস্থিতি বিশ্লেষণ করে কীভাবে এগোব, সেই সিদ্ধান্ত নিতে হবে”।

তার মতে, পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা, ধৈর্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তরুণ ক্রিকেটারদের অতিরিক্ত সাদা বলের ক্রিকেট খেলার কারণে লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতা কমে যাচ্ছে বলেও মনে করেন তিনি।

এ ক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে মিসবাহ বলেন, “নব্বইয়ের দশকের পর ভারত ধীরে ধীরে ক্রিকেট কাঠামোয় বিনিয়োগ করেছে। পাকিস্তানকেও একইভাবে সময় নিয়ে নিজেদের ব্যবস্থা গড়ে তুলতে হবে”।

তার মতে, ক্রিকেট কাঠামোর উন্নয়নের কোনো দ্রুত সমাধান নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা