সংবাদ সম্মেলনে কথা বলছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। ছবি: মোহাম্মদ মিঠুন
গত বছরের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মিঠুন। শুক্রবার বর্তমান কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে সংগঠনের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
এক বছর পূর্তি উপলক্ষে মিঠুন বলেন, “সবার সহযোগিতা, সদিচ্ছা ও একাগ্রতায় আমাদের কোয়াবের নেতৃত্বে ১২ মাস পার করা সম্ভব হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে অনেক আন্তরিকভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানাই। এই ১২ মাস খুব একটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারি”।
ক্রিকেটারদের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা উল্লেখ করে কোয়াব সভাপতি বলেন, “ক্রিকেটারদের অধিকার ও কল্যাণের প্রশ্নে আমরা কোনো ছাড় দেইনি। আমরা বাস্তবভিত্তিক ও সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি। সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রে শক্ত অবস্থানে থেকেছি”।
গত এক বছরে বিভিন্ন ইস্যুতে ক্রিকেটারদের পাশে থাকার বিষয়টিও তুলে ধরেন মিঠুন। বিশেষ করে বিপিএল অনুষ্ঠিত না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এনে তিনি জানান, সেই ক্ষতি কীভাবে কিছুটা পুষিয়ে দেওয়া যায়, তা নিয়ে কোয়াব কাজ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে”।
এক বছর পূর্তি উপলক্ষে কোয়াবকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠনও। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ, অধিকার ও স্বার্থ রক্ষায় কোয়াবের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মিঠুন জানান, ক্রিকেটারদের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘমেয়াদে আরও বেশিসংখ্যক ক্রিকেটার যাতে উপকৃত হতে পারেন, সে লক্ষ্যেই কাজ করতে চায় কোয়াব।
মিঠুন বলেন, “যেহেতু কল্যাণমূলক কার্যক্রম দীর্ঘমেয়াদি, তাই আমাদের যৌথ উদ্যোগকে শক্তিশালী করতে হবে এবং বেশিসংখ্যক ক্রিকেটারের উপকারের ওপর জোর দিতে হবে। সামনে আরও কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। গত এক বছর ধরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, আশা করি ভবিষ্যতে আরও বেশি সফলভাবে কাজগুলো করতে পারব”।