× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয়ের মহাকাব্যিক ৩৫০, বিদেশের মাটিতে নতুন ইতিহাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম

তাওহিদ হৃদয়। ছবি: বিসিবি

তাওহিদ হৃদয়। ছবি: বিসিবি

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাওহিদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ৪৮১ বলে ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।

বুধবার চতুর্থ দিনের চা বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের রান ৮ উইকেটে ৬৭৬। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চেয়ে ১৬৪ রানে এগিয়ে বাংলাদেশ। হৃদয় অপরাজিত ৩৫০ রানে। তার সঙ্গে অপরাজিত আছেন রেজাউর রহমান, ১১০ বলে ৩১ রান করে।

অবশ্য হৃদয়ের ট্রিপল সেঞ্চুরির পথটা অবশ্য সহজ ছিল না। ২৮৮ রানে পৌঁছানোর পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান ও দলের সিনিয়র ক্রিকেটাররা মাঠেই আলোচনা করে তৃতীয় নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নেন। নতুন বল হাতে প্রোটিয়া বোলারদের বোলিংয়েও আসে বাড়তি গতি ও প্রাণ। কমে যায় রানের গতি। একপর্যায়ে ২৯৪ রানে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন হৃদয়। দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা কট বিহাইন্ডের জোরালো আবেদন করেন। তবে আম্পায়ার সাড়া দেননি। পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে নয়, বল লেগেছিল পিচে। ফলে বেঁচে যান হৃদয়।

এর কিছুক্ষণ পরই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ২৯৮ রানে থাকা হৃদয় পেসার ম্যাথু বোস্টের বল মিড-অনে ঠেলে দ্রুত দুটি রান নিয়ে পূরণ করেন ট্রিপল সেঞ্চুরি। তিনশ পূর্ণ করার পর অবশ্য উদযাপনে ক্লান্তির ছাপ ছিল। তবে মাইলফলক ছোঁয়ার পরই যেন বদলে যায় চিত্র। পরের ২০ বলে দুটি বিশাল ছক্কাসহ আরও ৩৩ রান যোগ করেন হৃদয়। এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ রানের ইনিংস ছিল মাত্র দুটি। ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান। ২০২০ সালে মিরপুরে বিসিএলের ম্যাচে অপরাজিত ৩৩৪ রান করে তাকে ছাড়িয়ে যান তামিম ইকবাল। এবার দেশের বাইরে ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন হৃদয়।


তবে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংসের রেকর্ডও এত দিন ছিল শাহরিয়ার হোসেনের। ২০০৩ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করাচিতে ডিফেন্স হাউজিং অথোরিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন সাবেক এই ওপেনার। হৃদয়ের ৩৩৩ রানে সেই রেকর্ডও এখন অতীত। চতুর্থ দিনের শুরুতে হৃদয়ের রান ছিল ২০৪।

আগের দিনের শেষ বলে মোহাম্মদ সাইফ উদ্দিন ৮৭ রানে আউট হওয়ার পর নতুন দিনে তার সঙ্গী হন নাঈম হাসান। তবে নাঈম বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ রানে তাকে স্টাম্পড করেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার টেপো এনটুলি। ৪৫ ওভার বল করার পর প্রথম উইকেটের দেখা পান তিনি। এরপর হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন হাসান মুরাদ। তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি। বাঁহাতি স্পিনার কাইল সিমন্ডসের বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে ১১ রানে ফেরেন মুরাদ। দলের রান তখন ৮ উইকেটে ৫১৯। সেখান থেকে রেজাউর রহমানকে নিয়ে প্রতিরোধ গড়েন হৃদয়। এক প্রান্ত আগলে রেখে রেজাউর সঙ্গ দেন তাকে। নিজের আগের সেরা ২১৭ রানের ইনিংসও পেরিয়ে যান হৃদয়।

৩৮১ বলে সিমন্ডসের বলে সিঙ্গল নিয়ে ২৫০ পূর্ণ করেন তিনি। জুটি যত বড় হয়েছে, ততই ফিল্ড ছড়িয়ে দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে বাউন্ডারির সুযোগ কমে এলেও হৃদয়ের রান থামেনি। লাঞ্চে যাওয়ার সময় তার রান ছিল ২৭৪। লাঞ্চের পরও সাবলীল ব্যাটিং করে এগিয়ে যান হৃদয়। তৃতীয় নতুন বল নেওয়ার পর কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত কোনো বাধাই তাকে থামাতে পারেনি। বরং ২৯৮ থেকে দুটি রান নিয়ে পৌঁছে যান ৩০০-তে।

ম্যাচের দ্বিতীয় দিনে একসময় বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৩৫ রান। সেখান থেকে জাকের আলীর ৯৪, মোহাম্মদ সাইফ উদ্দিনের ৮৭ এবং হৃদয়ের অবিশ্বাস্য ৩৩৩ রানে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। হৃদয়ের এই ইনিংস শুধু তার ক্যারিয়ারের সেরা নয়, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেও অনন্য। দেশের বাইরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে নতুন এক মাইলফলক স্থাপন করলেন তিনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা