প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯ পিএম
তারকা পেসার জসপ্রিত বুমরাহ। ফাইল ছবি
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর ভারতের এই স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ।
এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। বুমরাহ ছাড়াও দলে ফিরেছেন নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। তবে এই চার ক্রিকেটারের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সেলেন্স’ থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর।
বিশ্রাম শেষে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও স্পিনার বরুণ চক্রবর্তী। তবে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, মায়াঙ্ক যাদব, সুরিয়ানশ শেডজে, আশোক শর্মা, প্রিন্স যাদব ও জশ ঠাকুর।
চোটের কারণে আফগানিস্তান সিরিজেও খেলা হচ্ছে না নিয়মিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তিনি এখনো পুরোপুরি ফিট হতে না পারায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।
আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ দিল্লিতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সিরিজের আনুষ্ঠানিক আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং ও হার্শিত রানা।