× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় মাস পর বল হাতে নাহিদ রানা

শেখ সাদী

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯ এএম

প্রায় দেড় মাসের বেশি সময় পর আবারও বল হাতে ফিরছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাসের বেশি সময় পর আবারও বল হাতে ফিরছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাসের বেশি সময় পর আবারও বল হাতে ফিরছেন নাহিদ রানা। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজে খেলা হয়নি এই পেসারের। এবার পুনর্বাসন প্রক্রিয়া শেষে ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন তিনি।

চোট কাটিয়ে সোমবার মিরপুরে অনুশীলন করেছেন এই পেসার।

লক্ষ্য, চোটের ধকল কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতে থাকা। গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় বাঁ পাশের সাইডে চোট পান নাহিদ। পরে দেশে ফিরে করা পরীক্ষায় তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ জানিয়েছিল, চোট সারতে প্রায় চার সপ্তাহ এবং এরপর বোলিংয়ের কাজের চাপ ধীরে ধীরে বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। সব মিলিয়ে ছয় থেকে আট সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন ছিল তার। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চোট কাটিয়ে নাহিদ রানা অনুশীলন শুরু করেছেন। মূলত অনুশীলনের মধ্য দিয়েই আস্তে আস্তে মাঠে ফিরবেন। প্রথম দিনে ছোট রানার আপ নিয়ে কয়েক ওভার বোলিং করবেন। আস্তে আস্তে ফুল রানার আপ নিয়ে বোলিং শুরু করবেন নাহিদ রানা।’

নাহিদ এখন কতটা ফিট এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন নাহিদ রানার কোনো চোট নেই। তবে ফুলভাবে বোলিং শুরু করলেই তখন বিস্তারিত বলতে পারব।’ অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফেরা ক্রিকেটারদের চোটের অবস্থা নিয়ে জানতে চাইলে বিসিবির এই ফিজিও বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফেরা কোনো ক্রিকেটারের চোট নেই।’ চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদকে না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা ছিল। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করতে পারা এই পেসারকে বিশ্ব ক্রিকেটের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবেও বিবেচনা করা হয়। তার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিতে হয়েছে তাসকিন আহমেদকে। অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে না খেললেও নাহিদকে চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শের জন্য সেখানে যেতে হয়েছিল। পরে দেশে ফিরে তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়। চোটের পাশাপাশি শিনবোনের একটি সমস্যাও পরীক্ষা করা হয়েছিল, তবে সেটি নিয়ে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। এখন সেই পুনর্বাসন পর্ব পেরিয়ে বোলিংয়ের মধ্য দিয়ে মাঠে ফেরার পথে নাহিদ। তবে দীর্ঘ বিরতির পর সরাসরি ম্যাচে নামার চেয়ে ধাপে ধাপে তার বোলিংয়ের কাজের চাপ বাড়ানোই হবে গুরুত্বপূর্ণ। নিজের গতি ও ছন্দ ফিরে পাওয়ার পাশাপাশি ম্যাচ খেলার মতো ফিটনেস অর্জন করাই আপাতত তার লক্ষ্য। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে নাহিদের এই প্রত্যাবর্তন তাই বাংলাদেশের জন্যও স্বস্তির খবর। প্রতিপক্ষের কন্ডিশনে নতুন বলে গতি ও বাউন্স দিয়ে চাপ তৈরি করতে পারেন তিনি। চোট কাটিয়ে যদি আগের ছন্দে ফিরতে পারেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে নাহিদ হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র। অবশ্য চলতি সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর হচ্ছে না। ভারত না আসায় ওই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এরপর অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে আমিরাতে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সিরিজটির আয়োজন নিয়ে দুপক্ষের প্রস্তুতিও প্রায় শেষ। তবে এখনও ম্যাচগুলোর চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই বাংলাদেশের ওয়ানডে সিরিজে নতুন একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাশেকে জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে যুক্ত করার আলোচনা চলছে। জিম্বাবুয়ে খেলতে সম্মতি দিলে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আর থাকছে না। সেটি রূপ নেবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। এখন জিম্বাবুয়ের সম্মতির অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা রাজি হলে অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে লড়াই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা