× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২২:০৪ পিএম

লিওনেল মেসি। ছবি: পিপল ম্যাগাজিন

লিওনেল মেসি। ছবি: পিপল ম্যাগাজিন

অবশেষে এলো সেই ক্ষণ। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর গ্রহণের ঘোষণা। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি সোমবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।

ফেসবুক বার্তায় মেসি লিখেছেন, (বিশ্বকাপ) ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…।

মেসির এই আকস্মিক বিদায়ের ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা ফুটবলবিশ্ব। অবসাদের কালো ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের হৃদয়ে। 

মেসি অবসর নিতে পারেন-এমন গুঞ্জন উঠেছিল তার বাবার মৃত্যুর পর। গত ৮ আগস্ট বাবাকে হারান এই কিংবদন্তি। গত জুলাইয়ে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ভাবনাগুলো আগেই খাতায় লিখে রেখেছিলেন মেসি। বাবাকে হারানোর পর অবসর নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধমে দেওয়া পোস্টে খাতায় সেসব কথা লেখার ছবি পোস্ট করে স্ট্যাটাসের শেষ দুটি বাক্যে মেসি জানিয়েছেন, “এই কথাগুলো আমি ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের দুই দিন পর। আজ আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত”।


২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে এক দুর্ভাগ্যজনক লাল কার্ড দিয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর শেষ হলো সর্বকালের সেরা হিসেবে। আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের মহাকাব্যিক পথচলায় তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে করেছেন সবচেয়ে বেশি গোল। আন্তর্জাতিক ফুটবলে তার থেকে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপসহ একের পর এক ট্রফি জয় করেছেন মেসি।

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার কেবল সাফল্যে মোড়ানো ছিল না, এটি ছিল এক চরম নাটকীয় গল্প। দেশের হয়ে টানা তিনটি বড় টুর্নামেন্টের (২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা) ফাইনালে হেরে এক বুক যন্ত্রণা নিয়ে ২০১৬ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু ফুটবল বিধাতা হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। ভক্তদের ভালোবাসা আর দেশের টানে তিনি আবারও ফিরে আসেন।

এরপরের গল্পটা কেবলই রূপকথার। ২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে কোপা আমেরিকা জয় করেন মেসি। যার মাধ্যমে ঘুচে যায় তার আন্তর্জাতিক ট্রফির দীর্ঘ আক্ষেপ। এরপর ২০২২ সালে কাতারের মরুভূমিতে ফরাসিদের বিপক্ষে টাইব্রেকারে সেই মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর এনে দেন পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ ট্রফি।

মেসির অবসরের এই সিদ্ধান্ত ফুটবল বিশ্লেষকদের কাছে খুব একটা অপ্রত্যাশিত ছিল না। ৩৯ বছর বয়সে এসে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের শরীর আর আগের মতো সায় দিচ্ছিল না। সাম্প্রতিক সময়ে ইনজুরি এবং ফিটনেস ধরে রাখার লড়াইয়ে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল। নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য জায়গা ছেড়ে দিতে এবং পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতেই এই পরিণত সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের এই খুদে জাদুকর।

মেসির অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধার ঢল নেমেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে সতীর্থ নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরাও তাকে শুভকামনা জানাচ্ছেন। এ যেন এক যুগের অবসান, যে যুগ কেবলই ছিল লিওনেল মেসির পায়ে বলের জাদুকরী ছোঁয়ার।

আর্জেন্টিনা দলে '১০ নম্বর' জার্সিতে মেসিকে আর কখনো দেখা যাবে না। তবে ফুটবল মাঠে তিনি যে ইতিহাস, যে আবেগ আর যে স্মৃতি রেখে গেলেন, তা শতাব্দীর পর শতাব্দী ধরে ফুটবলপ্রেমীদের মনে অম্লান থাকবে। বিদায়, ফুটবলের জাদুকর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা