লোগো: ফিফপ্লে
এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে খেলতে বাংলাদেশ দল এখন উজবেকিস্তানে। সোমবার স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে।
ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রবিবার উজবেকিস্তানে প্রথম প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ দল। উজবেকিস্তান ফুটবল ফেডারেশনের ট্রেনিং গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত অনুশীলন সেশনে দলের সব খেলোয়াড় বেশ উজ্জীবিত ছিল বলে বাফুফে সূত্রে জানা যায়। অনুশীলনে দলের হেড কোচ জেরার্ড জোন্স টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন এবং আসন্ন ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করেন।
ম্যাচের আগের দিন রবিবার তাশখন্দে অনুষ্ঠিত হয় অফিসিয়াল প্রেস কনফারেন্স।
সেখানে বাংলাদেশ দলের হেড কোচ জেরার্ড জোন্সসহ গ্রুপের অন্যান্য দলের কোচরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে বাংলাদেশ কোচ জোন্স আসন্ন ম্যাচ ও দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন। তিনি দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারী অন্য দলের কোচরা নিজেদের দলের প্রস্তুতি, লক্ষ্য ও আসন্ন ম্যাচ নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।