কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:১৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম
বাঁ দিকে থেকে শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী। রুমেল এককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে তৃতীয়, শামীম এককে ও দ্বৈতে দ্বিতীয়, সাদী দ্বৈতে দ্বিতীয় হন ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চীন, হংকং এবং তাইওয়ানে এ খেলাকে ‘পিং পং কিউ’ অথবা ‘গোসিমা’ বলে। জাপানে খেলাটি ‘তাক্কিও’ নামে পরিচিত। ১৮৮০ সালে ইংল্যান্ডে উৎপত্তি খেলাটি হচ্ছে পারস্পরিক শারীরিক স্পর্শবিহীন ব্যক্তিগত কিংবা দলগত খেলা।
খেলাটিকে যদি ইংরেজি নাম ‘টেবিল টেনিস’ বা সংক্ষেপে ‘টিটি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে ক্রীড়ামোদীরা খেলাটি চিনে ফেলবেন অবধারিতভাবে।
বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। কিউটের পৃষ্ঠপোষকতায় চলছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। টেবিল টেনিস ইভেন্টের খেলা পল্টনের শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়।
বিএসপিএ টিটির এককে ১২ আসরে (২০১৪-২০২৬) এ পর্যন্ত রুমেল মোট ৪১ ম্যাচ খেলে জিতেছেন ৩৮ ম্যাচে। হয়েছেন সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন। ছবি : সংগৃহীত
এতে একক ও দ্বৈতের মোট ৬টি ইভেন্টের মধ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী। তারা তিনজন মিলে ৫টি ইভেন্টে পদক জয় করে নিজেদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন।
ফাইনালে পরস্পরের মুখোমুখি হওয়ার আগে দুই প্রতিযোগী রুমেল খান ও শামীম হাসান। ছবি : বিএসপিএ
টেবিল টেনিস এককের ফাইনাল ছিল ‘অল প্রতিদিনের বাংলাদেশ’! ফাইনালে রুমেল খান ৫-১১, ১১-৮, ১১-১ পয়েন্টে শামীম হাসানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এককে শিরোপা পুনরুদ্ধার করলেন রুমেল। এটা তার নবম শিরোপা। মেরুদন্ডের ব্যথা নিয়েও তার এই শিরোপাজয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ফাইনালের আগে পর্যায়ক্রমে তিনি হারান ১১-৯, ১১-১ পয়েন্টে রুবেল জুবায়ের এবং সেমিফাইনালে ১১-৯, ১১-৮ পয়েন্টে সাজ্জাদ হোসেন মুকুলকে। মুকুলকে হারিয়ে রুমেল ২০২৫ আসরে তার কাছে সেমিতে হারের প্রতিশোধটা এবার নিয়েছেন কড়ায়-গণ্ডায়!
বিএসপিএ টিটিতে এবার রুমেল খেলেছেন মেরুদন্ডের তীব্র ব্যথা নিয়ে । ছবি : বিএসপিএ
বিএসপিএ টিটির এককে ১২ আসরে (২০১৪-২০২৬) এ পর্যন্ত রুমেল খেলেছেন মোট ৪১ ম্যাচ। এর মধ্যে জিতেছেন ৩৮ ম্যাচে। হেরেছেন ৩ ম্যাচে।
পক্ষান্তরে শামীম এ নিয়ে দ্বিতীয়বার রানারআপ হলেন। এর আগে ২০২৪ সালে রুমেলের কাছেই ফাইনালে হেরেছিলেন তিনি (তখন শামীম কর্মরত ছিলেন সংবাদ সংযোগে)। এই ইভেন্টে তৃতীয় হন খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল।
শামীম হাসান (বায়ে) ও রুমেল খান। বিএসপিএ টিটিতে শামীম দু’বার ফাইনালে উঠে প্রতিবারই হেরেছেন রুমেলের কাছে। ছবি : বিএসপিএ
দ্বৈত বিভাগে ২০১৬-২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর রেকর্ড শিরোপাধারী ছিলেন রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি। কিন্তু ২০২৬ আসরে তাদের সেই শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হয়েছে (১২ আসরে মোট ২৮ ম্যাচ খেলে ২৫টিতেই জিতেছেন তারা)। এবার তারা হয়েছেন তৃতীয়। ১১-৮, ১১-৫ পয়েন্টে তারা হারান আগামীর সময়ের সুদীপ্ত আনন্দ ও বিডিনিউজের রুবেল জুবায়ের জুটিকে।
এককের রানারআপ শামীম হাসান (বায়ে) ও তৃতীয় স্থান অধিকারী মাহমুদুন্নবী চঞ্চলের মাঝে রুমেল খান। রুমেল তার ৯ আঙ্গুল দেখিয়ে বোঝাতে চেয়েছেন তিনি কতবার চ্যাম্পিয়ন হলেন। ছবি : বিএসপিএ
এই ইভেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি স্টারের সাজ্জাদ হোসেন মুকুল ও সামসুল আরেফিন জুটি। ফাইনালে তাদের কাছে হেরে রানার্সআপ হন প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান ও শেখ সাদী জুটি, যারা ডাবলসে ২০২২ সালের ফাইনালেও হেরেছিলেন রুমেল-চঞ্চল জুটির কাছে।
দ্বৈত ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীরা। ছবি : বিএসপিএ
সব মিলিয়ে তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী টিটির ৬ ইভেন্টের ৫টিতেই পদক জিতে (রুমেল এককে চ্যাম্পিয়ন, দ্বৈতে তৃতীয়, শামীম এককে ও দ্বৈতে দ্বিতীয়, সাদী দ্বৈতে দ্বিতীয়) তাদের কর্মস্থল প্রতিদিনের বাংলাদেশকে গর্ব করার দারুণ এক উপলক্ষ এনে দিলেন।