× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশের মাটিতে পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে: তালহা

বাসস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৮:৪৯ পিএম

টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ফাইল ছবি: বিসিবি

টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ফাইল ছবি: বিসিবি

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের আছে। 

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। অসিদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ ড্রয়ের স্বাদ নিয়ে গতরাতে দেশে ফিরেছে টাইগাররা। 

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টের চারদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারে টাইগাররা। 

দেশের ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালহা জানান, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেসারদের পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তালহা বলেন, ‘দলের পেসাররা ভালো পারফর্ম করলে, বিদেশের মাটিতে টেস্ট জয় সম্ভব হয়। এ জন্য ২০ উইকেট শিকার করতে হয়। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি, তারা এই ফর্ম ধরে রাখতে পারবে।’

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় টেস্ট হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন তালহা।

তিনি আরও বলেন, ‘এটি একটি দলীয় খেলা। ব্যাটাররা যদি আরেকটু ভালো করতে পারত, তবে আমরা হয়তো আরও ভালো ফলাফল হতো বা দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

দ্বিতীয় টেস্টেও ভেন্যু ম্যাকাইয়ের কন্ডিশনের সাথে টসের গুরুত্ব তুলে ধরেন তালহা। তিনি জানান, উইকেটের বাউন্সের সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে।

তালহা বলেন, ‘উইকেটে প্রচুর বাউন্স ছিল, অনেকটা টেনিস বলের মতো। আমরা এর সাথে মানিয়ে নিতে পারিনি এবং সেখানেই আমাদের কিছু সমস্যা হয়েছে।’

সিরিজ ড্র হলেও ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়কে মাইলফলক হিসেবে অভিহিত করেন তালহা। কারণ পুরো ম্যাচের কোনো সেশনই লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। 

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়ায় মাটিতে তাদেরকে হারানো অনেক বড় ব্যাপার। প্রথম টেস্টে আমাদের সাথে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টস জিতলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা জানতাম অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে। ওই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। টস ভাগ্য যদি আমাদের পক্ষে আসত, তবে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত।’

বাংলাদেশের সাবেক পেসার তালহা জানান, ডারউইনের জয় আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য অনেক বড় অর্জন। এই জয় বিশ্ব ক্রিকেটে বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম। সামনের সফরগুলোতে এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’

তিনি আরও জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল। প্রথম টেস্টের আগে আমাদের প্রস্তুতিও খুবই ভালো ছিল এবং সবাই পরিস্থিতির সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা