× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের লক্ষ্য সেরা আট

রুমেল খান

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১১:০৯ এএম

কোলাজ: এ আই

কোলাজ: এ আই

গত বছর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারও বয়সভিত্তিক বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

তার আগে চীনের মকিতে অনুষ্ঠিতব্য আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নেবে তারা। এই উদ্দেশ্যে আজ শনিবার চীনের বিমান ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় হকি দল। এই মেগা টুর্নামেন্টে মাঠে নামার ঠিক আগের দিন শুক্রবার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় হকি দলের মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-২০ হকি দল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাই-স্কোরিং এই প্রস্তুতি ম্যাচে শেষ পর্যন্ত সিনিয়র জাতীয় দলের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছে জুনিয়র দল।

ম্যাচটিতে সিনিয়র ও জুনিয়রÑ উভয় দলের খেলোয়াড়রাই চমৎকার আক্রমণাত্মক হকির প্রদর্শনী উপহার দেন। জাতীয় দলের অভিজ্ঞতার বিপক্ষে যুবাদের গতিশীল হকি ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চকর করে রাখে। জাতীয় দলের এই জয়ে মূল ভূমিকা রাখেন তারকা খেলোয়াড় আশরাফুল ইসলাম, যিনি স্টিকের জাদুকরী নৈপুণ্যে দুর্দান্ত একটি হ্যাটট্রিক তুলে নেন। জাতীয় দলের হয়ে বাকি ১টি গোল করেন রকি।

অন্যদিকে, এশিয়ান পরাশক্তিদের মুখোমুখি হওয়ার আগে এই কঠিন কন্ডিশনিং ম্যাচে দারুণ প্রতিরোধ গড়ে তোলে অনূর্ধ্ব-২০ দল। সিনিয়রদের শক্ত ডিফেন্স ভেঙে তারা ৩টি গোল জড়াতে সক্ষম হয়। জুনিয়র দলের হয়ে জনি, তৈয়ব এবং আশরাফুল আলম প্রত্যেকেই ১টি করে দৃষ্টিনন্দন গোল করেন। হারলেও জুনিয়র এশিয়া কাপের মূল মঞ্চে নামার আগে দেশের সেরা সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধে এমন লড়াকু পারফরম্যান্স জুনিয়র দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনূর্ধ্ব-২০ দলের দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেট।

শুক্রবার প্রস্তুতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-২০ দলের কোচ জাইলস বনেট। তিনি তার শিষ্যদের প্রস্তুতি নিয়ে বলেন, ‘সিনিয়র দলের সাথে খেলাটা দারুণ ছিল। আমি মনে করি, এটি আমাদের জন্য চমৎকার ছিল। আমরা এই সময়ে বেশ অগ্রগতি করেছি। আমরা বিশেষ করে শেষ তিনটি ম্যাচ খুব উপভোগ করেছি, কারণ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আমরা আরও একটু বেশি প্রস্তুতি নিতে পেরেছিলাম। তাই এটি আমাদের জন্য খুবই সার্থক হয়েছে।’ 

জাইলস আরও বলেন, ‘সুযোগ-সুবিধার কথা বললে, এটি চমৎকার। আর আমরা যখন এখানে এসেছিলাম, আমাদের খুব ভালোভাবে আতিথেয়তা করা হয়েছে। খাবার অসাধারণ ছিল, মাঠে যাতায়াতের সুবিধা দারুণ ছিল এবং অফিসিয়ালদের সাথে থাকার ব্যবস্থা একদম নিখুঁত ছিল। আমরা আইস বাথ বা মাসাজের মতো যা যা চেয়েছিলাম, ফেডারেশনের পক্ষ থেকে তার সবকিছুই ব্যবস্থা করা হয়েছে। তাই একজন কোচ হিসেবে আমি খুবই আনন্দিত।’

জাইলস আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক মানের সেবার কথা বললেÑ হ্যাঁ, অবশ্যই। এ নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ নেই। সেবার মান যা ছিল তা নিয়ে কোনো নালিশ নেই, এবং অনেকেই আমাদের সহায়তা করেছেন। প্রস্তুতির জন্য আমরা যতটুকু সময় পেয়েছি, সেই হিসেবে আমার মনে হয় এই টুর্নামেন্টের জন্য আমরা যতটুকু সম্ভব প্রস্তুত হতে পেরেছি।’

লক্ষ্য নিয়ে জাইলসের ভাষ্য, ‘প্রথমত বিশ্বকাপ কোয়ালিফাই করা, তারপর হাতে এক বছর সময় থাকবে। এই সময়ের মধ্যে এই দলটিকে নিয়ে আপনি সেরা আটের মধ্যে পৌঁছানোর কথা ভাবতে পারেন। গত বিশ্বকাপে ১৭তম স্থান অধিকার করেছিল এই দলটি। তবে আমার বিশ্বাস, এখন আমাদের যে দলটি আছে এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে এক বছরের মধ্যে সেরা আটে আসা সম্ভব।’

সবশেষে জাইলস বলেন, ‘বাংলাদেশের হকি প্লেয়ারদের প্রচুর সম্ভাবনা আছে। একটু সঠিক পরিকল্পনা, সম্পদ এবং হাই-পারফরম্যান্স পরিবেশ তৈরি করতে পারলে মূল পুরুষ দলকেও পরবর্তী বিশ্বকাপে নিয়ে যাওয়া সম্ভব, আর জুনিয়ররা সেরা আটে খেলতে পারবে, যা খুবই রোমাঞ্চকর।’

আইস বাথ বা মাসাজের মতো অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার সোহরাব হোসেন। তিনি বলেন, ‘৯টার মতো ম্যাচ খেলেছি সিনিয়রদের সঙ্গে। এটা অনেক ভালো। আমাদের কী কী সমস্যা ছিল বা কোথায় ল্যাকিংস ছিল, প্রথম দিকে একটু খেলা অন্যরকম হয়েছে, দেখা যায় যে ডে-বাই-ডে আমরা সেগুলো অনেকগুলো ইম্প্রুভ করেছি। এবং সিনিয়ররা অনেক এক্সপেরিয়েন্স, তারা যেভাবে খেলে আমরা সেই খেলার প্যাটার্নটা বুঝতেছি। তাদের সঙ্গে খেলার সাথে যে আমাদের অ্যাটাকের স্পিড, খেলার স্পিডগুলো আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে। তো আশা করি আমরা সিনিয়রদের সঙ্গে এই খেলার এক্সপেরিয়েন্সটা, স্পিডÑ এই কাজগুলো আমরা চীনে গিয়ে কাজে লাগাতে পারব।’

অনূর্ধ্ব-২০ দলের নতুন কোচ জাইলস বনেট প্রসঙ্গে সোহরাব বলেন, ‘কোচ অনেক ভালো। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্লাস কোচদের মধ্যে একজন। আমরা অল্প সময় পেয়েছি তাকে, কিন্তু তারপরও আমরা তাকে বোঝার চেষ্টা করেছি। এবং এর আগেও যেহেতু বিদেশি কোচের সঙ্গে ছিলাম আমরা সবাই মোটামুটি, তো তাকেও বুঝতে আমাদের অত অসুবিধা হয়নি। তিনি আমাদের সব সময় মোটিভেট করেন। এবং আমাদের খেলা সহজ করার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে কাজ করেন।’

জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলা প্রসঙ্গে সোহরাব বলেন, ‘আশা করি আমরা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাব। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। আর ওয়ার্ল্ড কাপ তো মাস্ট বি খেলতেই হবে। অবশ্যই, যেহেতু আমাদের সিনিয়র ভাইরা আমাদের বাংলাদেশ টিমকে একবার ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছে, তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। যেহেতু একবার খেলছি, পরেরবার যদি আমরা না খেলতে পারি, তাহলে হয়তো অনেকেই বলবে যে সেখানে রকি ছিল, আমিরুল ছিল, জয় ছিলÑ তাদের জন্য ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে এবং তারা নেই দেখে এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হচ্ছে না, এমনটা না। আর ওয়ার্ল্ড কাপে যেহেতু বাংলাদেশ একবার অংশগ্রহণ করেছে, তো আমরাও চাই আমরাও বাংলাদেশকে প্রতিবার ওয়ার্ল্ড কাপে দেখতে চাই এবং আমরা এটার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

টিম বন্ডিং ও এক্সপেরিয়েন্স নিয়ে সোহরাবের ভাষ্য, ‘প্র্যাকটিসটা মূলত আমরা বেশি সময় পাইনি। আমাদের ফরেন কোচ আমাদের ট্যাকটিক্সটা ওভাবে টিম বন্ডিংটা গড়ে তুলেছেন। আমরা যেভাবে সিনিয়রদের সাথে ম্যাচ খেলছি, মানে আমাদের প্রচুর কনফিডেন্সটা গ্রো হইছে এবং আমরা বুঝেছি যে কীভাবে গুছিয়ে খেলতে হয়। আমাদের কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা ওইভাবে করে খেলার চেষ্টা করব ইনশাল্লাহ। সিনিয়রদের সাথে খেলে আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে। সিলি সিলি ভুল হচ্ছে আমাদের, ওগুলো ঠিক করা লাগবে।’

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের মূল লক্ষ্য নিয়ে সোহরাব বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পাঁচ-ছয়ের মধ্যে থাকব। ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করব, তারপর আমাদের লক্ষ্য আরও ওপরে যাওয়া।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা