প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৬:৪৩ পিএম
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজকে দলে টানার পথে এগিয়ে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।
অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডে চুক্তিতে সম্মত হয়েছে দলটি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা। লন্ডনে এখন শুধু স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা বাকি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে ৩৪ বছরে পা দিতে যাওয়া মার্তিনেজ চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার নায়ক ছিলেন মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য সেভ, টাইব্রেকারে দৃঢ়তা, সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর তিনি। এবার সেই বিশ্বচ্যাম্পিয়নের গন্তব্য হতে যাচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ।
চেলসির গোলপোস্টে অবশ্য তরুণ প্রতিভার অভাব নেই। স্ত্রাসবুর্গে ধারে খেলার পর এবার মূল দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী মাইক পেন্ডার্স। দীর্ঘমেয়াদে তাকে গড়ে তুলতে চায় চেলসি। কিন্তু পেন্ডার্সের সামনে একজন অভিজ্ঞ, বড় মঞ্চে পরীক্ষিত গোলরক্ষক থাকলে দলের বর্তমান ও ভবিষ্যৎ, দুই দিকই সামলানো সহজ হবে। সেই জায়গাতেই মার্তিনেজকে দেখছে ক্লাবটি।
চলতি গ্রীষ্মে ভিলা ছাড়ার ইচ্ছা জানান মার্তিনেজ। তাকে ছাড়ার প্রস্তুতি হিসেবে ভিলা পার্মা থেকে দুই কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি দলবদল ফিতে জিওন সুজুকিকে দলে আনে। উনাই এমেরিও স্পষ্ট করে দেন, ২৪ বছর বয়সী জাপানি গোলরক্ষকই দলের নতুন এক নম্বর। তার পর থেকে মার্তিনেজ আলাদাভাবে অনুশীলন করছিলেন।
এর মধ্যে তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল জুভেন্টাসও। কিন্তু আঙুলের চোট নিয়ে শঙ্কার কারণে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে সেই আলোচনা শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয়নি। এরপর মার্তিনেজের প্রতিনিধিরা চেলসির সঙ্গে যোগাযোগ করেন। আর সেখান থেকেই দ্রুত এগোয় আলোচনা।
চেলসির জন্য তাই মার্তিনেজ কেবল একজন নতুন গোলরক্ষক নন; তিনি অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও বড় ম্যাচের স্মৃতি নিয়ে আসছেন। আর বিশ্বকাপজয়ী গোলরক্ষকের জন্য স্ট্যামফোর্ড ব্রিজ হতে পারে ইউরোপীয় ফুটবলে নতুন এক অধ্যায়ের মঞ্চ।