প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:৩৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ২১:৫৬ পিএম
তিন বাংলাদেশি-আমেরিকান বোন নওরীন আহমদ, নাদিয়া আহমদ ও আভা আহমদ। ফাইল ছবি
মার্কিন কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তরে সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিন বাংলাদেশি-আমেরিকান সহোদরা। তিন বোনই বর্তমানে ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের (এনসিএএ) প্রথম ডিভিশনের ফুটবল প্রতিযোগিতায় খেলছেন।
তিন বোনের মধ্যে বড় নওরীন আহমদ ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের হয়ে মধ্যমাঠে খেলেন। গত বছর এনসিএএ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে মার্কিন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পেও ডাক পান নওরীন।
নওরীনের ছোট দুই যমজ বোন নাদিয়া আহমদ ও আভা আহমদও এনসিএএ প্রথম ডিভিশন ফুটবলে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। ইতোমধ্যে তারা উটাহ বিশ্ববিদ্যালয়ের ফুটবল কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
তিন বোনের বাবা জেয়ন আহমদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। মা ড. ক্যারিসা আহমদ একজন পরিবেশ প্রকৌশলী ও প্যাটেন্ট বিশেষজ্ঞ।
তাদের পারিবারিক শিকড়ও বাংলাদেশের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের দাদা গিয়াস আহমদের আদি নিবাস ফেনী জেলায়। গিয়াস আহমদের বাবা আলহাজ্ব জালাল উদ্দীন আহমদ ফেনী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তানের সেরা প্রধানশিক্ষক হিসেবে তিনি পুরস্কৃত হন।
তিন বাংলাদেশি-আমেরিকান বোনের এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের জন্যও গর্বের বিষয়। মার্কিন কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজেদের অবস্থান তৈরি করে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তরুণ নারী ফুটবলারদের অনুপ্রাণিত করছেন।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে আসা দুই সুলিভান সহোদর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের হয়ে খেলে প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন প্রতিভাবান ফুটবলারকেও ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে অন্তর্ভুক্তির বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বিবেচনা করতে পারেন।