প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:০৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৯:০৮ পিএম
ম্যাকাইয়ে দুই দিনে শেষ হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে নেন ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েন শরীফুল। ছবি: বিসিবি
ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। তবে কেন্টের হয়ে এবার আর মাঠে নামা হচ্ছে না তার।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে শরীফুলকে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
এরই মধ্যে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একই দলে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শরীফুলও। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে তাকে পুরোপুরি সতেজ রাখতে চায় বিসিবি।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিবি। তবে গুঞ্জন রয়েছে, শরীফুলের পরিবর্তে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে নিতে পারে কেন্ট। কিন্তু এ বিষয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইংলিশ কাউন্টির দলটি।
চার ম্যাচের জন্য শরীফুলকে চেয়েছিল কেন্ট। বিসিবির কাছ থেকে এনওসি পেলে হাসান মাহমুদের সঙ্গে তাকেও কাউন্টিতে খেলতে দেখা যেত। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সেই সুযোগ আর হচ্ছে না।
অন্যদিকে, কাউন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাসান মাহমুদ। চ্যাম্পিয়নশিপে দারুণ বোলিংয়ের পর টি-টোয়েন্টি ব্লাস্টেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার। এর আগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেছেন সাকিব আল হাসান।