প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৫০ পিএম
শতরান করে অপরাজিত থাকেন ম্যাথু শর্ট।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ওভালে চলতি বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং হোবার্ট হারিকেন। সেই ম্যাচে সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এনডিটিভি জানিয়েছে, বিগ ব্যাশ লিগের ইতিহাসে এর আগে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই অন্য কোনো দলের।
ম্যাচে 'স্ট্যান্ড ইন' অধিনায়ক ম্যাথু শর্ট এবং সাবেক কলকাতা নাইট রাইডার্স তারকা ক্রিস লিনের ব্যাটিং তাণ্ডবে ম্যাচ জয় নিশ্চিত করে স্ট্রাইকার্স।
শর্ট এবং লিনের ব্যাটিং তাণ্ডবে এদিন নতুন রেকর্ড গড়েন ম্যাচের আয়োজকরা। তাদের ব্যাটে ভর করে ম্যাচের তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এই মুহূর্তে বিগ ব্যাশের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অ্যাডিলেড। অন্যদিকে ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছে হোবার্ট হারিকেন। ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ করে হোবার্ট হারিকেন।
দুই ওপেনার বেন ম্যাকডারমট ৫৭ এবং ক্যালেব জুয়েল ৫৪ রান করেন। ইনিংসের শেষ দিকে জ্যাক ক্রলির অর্ধশত রানে ভর করে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় হোবার্ট। টিম ডেভিড করেন ৩৯ রান।
জবাবে দুরন্ত শতরান করে অপরাজিত থাকেন ম্যাথু শর্ট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৬৪ রান করেন ক্রিস লিন। অ্যাডাম হোস ৩৮ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
উল্লেখ্য, চলতি বিগ ব্যাশে এটাই অ্যাডিলেডের গড়া প্রথম রেকর্ড নয়। গত ডিসেম্বরে তারা সিডনি থান্ডার্সকে মাত্র ১৫ রানে অলআউট করে দিয়েছিল, যা পেশাদার টি-২০ লিগের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।