প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৬:৩০ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৬:৫৩ পিএম
শ্রীলঙ্কার খেলোয়াড়দের উদযাপনের সময় কিছু কথা শুনে ফার্নান্দোর দিকে তেড়ে যান জয়সওয়াল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
কলম্বো টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন ভারতের জশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের’ অভিযোগে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি দুজনের শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রবিবার সকালে ঘটনাটি ঘটে। ১৭তম ওভারের শেষ বলে জয়সওয়ালকে আউট করেন ফার্নান্দো। এরপর ড্রেসিংরুমের পথে হাঁটছিলেন জয়সওয়াল। তবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উদযাপনের সময় কিছু কথা শুনে ফার্নান্দোর দিকে তেড়ে যান জয়সওয়াল। প্রায় হেলমেট ঠেকিয়ে হাতাহাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, “জয়সওয়াল ফার্নান্দোর দিকে এগিয়ে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ফার্নান্দো জয়সওয়ালের দিকে মাথা এগিয়ে দেন। জবাবে জয়সওয়ালও সামনে ঝুঁকে পড়েন, ফলে দুজনের মাথায় সংঘর্ষ হয়”।
এরপরও পরিস্থিতি থামেনি। জয়সওয়াল ফার্নান্দোর দিকে এগিয়ে গেলে ফার্নান্দো তাকে ধাক্কা দেন।
ঘটনাটি আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.১২ ধারার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, খেলোয়াড় সহায়তাকারী কর্মী, আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে অনুপযুক্ত ও ইচ্ছাকৃত শারীরিক সংস্পর্শ শাস্তিযোগ্য অপরাধ।
জয়সওয়াল ও ফার্নান্দো- কেউই ঘটনার আগের ২৪ মাসে ডিমেরিট পয়েন্ট পাওয়ার মতো একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হননি। লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কতা, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট হতে পারে।
ম্যাচে অবশ্য জয়সওয়ালের ব্যাটে বড় ইনিংস আসেনি। ৫৩ বলে ৪৫ রান করে ফার্নান্দোর শিকার হন তিনি। তখন ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৬৬ রান। পরে ফার্নান্দো আরও দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল ও রবীন্দ্র জাদেজাকে আউট করেন। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩০০ রান।
দুই ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে। গলেতে অনুষ্ঠিত প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছিল ভারত।