× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো খেলতে না পারার আফসোস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৩:১৮ পিএম

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে তারা। এই হারের মধ্যেও বাংলাদেশের জন্য এসেছে বড় সুখবরÑ টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠেছে দলটি। সিরিজ শেষে বিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, র‌্যাঙ্কিংয়ের এই অর্জন অবশ্যই আনন্দের, তবে দ্বিতীয় টেস্টে ভালো ক্রিকেট খেলতে পারলে আনন্দটা আরও বেশি হতো।

শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো, যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। তবে ছয় নম্বরে প্রথমবারের মতো আসা টেস্ট ক্রিকেটে অনেক বড় অর্জন।’ দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ম্যাচ শেষ হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও শান্ত মনে করেন, উইকেটটি যথেষ্ট কঠিন ছিল। প্রথম দিনেই দুই দলের ১৮ উইকেট পড়ে যাওয়াকে এর প্রমাণ হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের ব্যাটাররা যেমন ভুগেছেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও কঠিন সময় পার করতে হয়েছে বলে মন্তব্য করেন অধিনায়ক।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে কিছু বাজে শটের কথাও স্বীকার করেছেন শান্ত। নিজের আউটকেও মেনে নিতে পারেননি তিনি। সেট হয়ে যাওয়ার পর আউট হওয়াকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে শান্ত বলেন, তার আরও লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। তবে কোনো ব্যাটারকে আলাদাভাবে দায়ী করতে চান না তিনি। শান্তর মতে, অস্ট্রেলিয়ার মতো পেস আক্রমণ ও এমন কন্ডিশনে বাংলাদেশ নিয়মিত খেলে না। তাই এই সিরিজের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, ‘এ রকম বোলিং অ্যাটাক, এ রকম কন্ডিশনে আমরা কখনও খেলিই না। এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে কীভাবে ভালো করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

সিরিজে লিটন দাসের তিনটি শূন্য নিয়েও খুব বেশি চিন্তিত নন শান্ত। তার বিশ্বাস, লিটনের সাম্প্রতিক ভালো ইনিংসগুলোই তার সামর্থ্যের প্রমাণ। কঠিন কন্ডিশনে ভালো বলে ব্যাটার আউট হতেই পারেন বলে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, পরের সিরিজে লিটন ভালোভাবে ফিরবেন। এই সিরিজে বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটিংকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন অধিনায়ক। মুশফিকুর রহিম, লিটন ও মেহেদী হাসান মিরাজ বিভিন্ন সময়ে নিচের দিকে ব্যাট করে দলের জন্য অবদান রেখেছেন। শান্তর মতে, অস্ট্রেলিয়ার এই বোলিং আক্রমণের বিপক্ষে লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশকে সাহায্য করবে।ক

প্রথম টেস্টের ঐতিহাসিক জয়কে অবশ্যই বড় অর্জন হিসেবে দেখছেন শান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার মতো দলকে তাদের মাটিতে হারানোর গুরুত্ব সময় গড়ানোর সঙ্গে আরও বেশি উপলব্ধি করছেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়া এবং পরে বাংলাদেশকে দ্রুত অলআউট করার মধ্য দিয়ে যে পাল্টা জবাব দিয়েছে, সেটিও বাংলাদেশের জন্য শেখার বিষয় বলে মনে করেন তিনি। শান্ত বলেন, ‘অবশ্যই সেলিব্রেট করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত, এ রকম কন্ডিশনে আমরা কীভাবে ভালো করতে পারি।’

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পক্ষেও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলে না। বাংলাদেশকে ভবিষ্যতে আরও বেশি করে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানো উচিত, যাতে এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাড়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠাকেও বড় অর্জন হিসেবে দেখছেন শান্ত। তবে দলের জন্য তার স্বপ্ন আরও বড়। সেই স্বপ্নের কথা এখনই প্রকাশ করতে চান না তিনি। শুধু বলেছেন, ‘অনেক বড় ড্রিম আছে। যখন কখনও অর্জন করতে পারব, তখন অবশ্যই বলব।’

সিরিজে নাহিদ রানাকে না পাওয়ার বিষয়টিও উঠে আসে শান্তর কথায়। তবে তার জায়গায় শরিফুল ইসলামের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক। এতে প্রমাণ হয়েছে, বাংলাদেশ কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয় বলেও মনে করেন তিনি। তাসকিন আহমেদের গতি কমে যাওয়া নিয়েও কথা বলেছেন শান্ত। গতি কমলেও তাসকিনকে বাংলাদেশের অন্যতম সেরা বোলার হিসেবে দেখছেন তিনি। নতুন বলে নিয়মিত ব্রেকথ্রু এনে দেওয়া এবং পুরনো বলেও ধারাবাহিকভাবে বোলিং করার সামর্থ্যের প্রশংসা করে শান্ত বলেছেন, তাসকিন দ্রুতই আবার নিজের সেরা অবস্থায় ফিরবেন বলে তার বিশ্বাস।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা