বাফুফের লোগো।
২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরুর আগেই সূচি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। চ্যালেঞ্জ কাপ বাতিলের পর এবার প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের নতুন সূচি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর বাফুফে প্রণীত এই সূচি নিয়ে চরম নাখোশ হয়েছে ঘরোয়া ক্লাবগুলো।
আকস্মিক সূচি পরিবর্তন ও ফিফা উইন্ডোর সাংঘর্ষিক অবস্থান : বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আগে আগস্টের শেষে (২৫ আগস্ট কাপ ও ২৮ আগস্ট লিগ) মৌসুম শুরুর কথা বললেও সম্প্রতি বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ক্লাবগুলোকে নতুন চিঠি পাঠিয়েছেন। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু ১৮ সেপ্টেম্বর এবং ফেডারেশন কাপ ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।
সংকটের মূল কারণ হলো ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ‘ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো’, যেখানে জাতীয় দলের আসিয়ান কাপ খেলার পরিকল্পনা রয়েছে। বিশ্বের সব পেশাদার লিগে আন্তর্জাতিক উইন্ডোতে খেলা স্থগিত থাকলেও বাফুফে এই সময়ে ঘরোয়া ম্যাচ চালু রাখতে চায়।
জাতীয় দলের প্রস্তুতি ও ক্লাবের অসন্তোষ : বিগত প্রায় দুই মাস ধরে ফর্টিস এফসি ও পুলিশ এফসি ছাড়া বাকি অধিকাংশ ক্লাবের ফুটবলাররা ম্যাচ অনুশীলনের বাইরে রয়েছেন। এ অবস্থায় ফিটনেস ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য দল প্রস্তুত করা জাতীয় দলের কোচিং স্টাফের জন্য বড় চ্যালেঞ্জ। বাফুফে ২৭ আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর পরিকল্পনা করেছে, যা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াসহ একাধিক কর্মকর্তা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ক্লাবগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
ফিফা নিষেধাজ্ঞা, লাইসেন্সিং ও দলবদল : খেলা পিছিয়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩ সেপ্টেম্বর করা হয়েছে। অন্যদিকে ক্লাব লাইসেন্সিং ইস্যুতে বিপাকে রয়েছে বড় ক্লাবগুলো।
ফিফা নিষেধাজ্ঞা : বকেয়া অর্থ পরিশোধ না করায় বসুন্ধরা কিংস (আটটি ফিফা নিষেধাজ্ঞা) ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এখনও লাইসেন্সিং সম্পন্ন করতে পারেনি। ২৮ আগস্টের মধ্যে ফিফার বকেয়া মেটানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে ক্লাব দুটিকে।
এদিকে খেলোয়াড় নিবন্ধন নিয়েও পরিবর্তন এনেছে বাফুফে। এখন ৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করা যাবে।
আন্তর্জাতিক সূচির চাপ ও ভেন্যু অনিশ্চয়তা ; শুধু জাতীয় দলই নয়, এশিয়ান ক্লাব ফুটবলের সূচির সঙ্গেও সংঘাত বাধিয়েছে বাফুফে। ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবে ফর্টিস এফসি। সেই সময়ও ঘরোয়া ফুটবল চালু রাখার পরিকল্পনা করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া ফর্টিসের ওপর মারাত্মক বাড়তি চাপ ফেলবে।
অধিকাংশ ক্লাব অক্টোবর থেকে মৌসুম শুরুর লিখিত প্রস্তাব দিলেও তা বাতিল করে বাফুফে এই সেপ্টেম্বর সূচি কার্যকর করেছে। আসন্ন বাফুফে কার্যনির্বাহী কমিটির সভায় ক্লাবগুলোর এই তীব্র অসন্তোষ ও জাতীয় দলের ক্যাম্প নিয়ে চূড়ান্ত আলোচনার কথা থাকলেও আগেভাগেই চিঠি পাঠানোয় বাফুফের পেশাদারত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।