প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১১:৫৪ এএম
লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের ‘অন্যতম ভরসা’ ও টপ-অর্ডার ব্যাটার লিটন কুমার দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টানা তিন ইনিংসে শূন্য রানে (ডাক) আউট হয়েছেন।
এর মধ্যদিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন পর্যন্ত মোট ২৭ বার শূন্য রানে সাজঘরে ফিরলেন।
ক্রিকেট পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সর্বশেষ ডেটাবেজ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
লিটন দাসের ২৭টি শূন্য রানের সিংহভাগই এসেছে ওয়ানডে ফরম্যাট থেকে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ১৬ বার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন লিটন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে লিটন ৬ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
সাদা পোশাকের ক্রিকেটে তার মোট ডাকের সংখ্যা ৫টি। যার মধ্যে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরেই তিনি টানা তিন ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হন। গড়েন ‘ডাকের’ হ্যাটট্রিক।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টানা দুটি ‘ডাক’ মেরেছিলেন আশরাফুল। এবার লিটন টানা ৩ ইনিংসে শূন্য করে তাকে ছাড়িয়ে গেলেন।
উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন।
ক্যারিয়ারে মোট ৩২০টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন লিটন। এই সময়ে মোট রান করেছেন ৮ হাজার ৯২৭। যার মধ্যে ১১টি সেঞ্চুরি ও ৫০টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তবে ধারাবাহিকতার অভাবের কারণে প্রায়শই সমালোচনার মুখে পড়েন লিটন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন তামিম ইকবাল। ৩৩টি ডাক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ৩২টি ডাক নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। সর্বমোট ৫৯ বার ডাক মেরেছেন তিনি।
তালিকায় ৫৪ বার শূন্য রানের ক্যারিয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ। আর লঙ্কান তারকা ব্যাটার সনাথ জয়াসুরিয়া ৫৩ বার ডাক মেরে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।