ডারউইনে দাপুটে সেই জয়ের পর এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে একই কৌশলে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ম্যাকাইয়ে ম্যাচ শুরুর আগেএমন লক্ষ্যই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: বিসিবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে দাপুটে সেই জয়ের পর এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে একই কৌশলে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ম্যাকাইয়ে ম্যাচ শুরুর আগে গতকাল বৃহস্পতিবার এমন লক্ষ্যই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। ম্যাচ সামনে রেখে কাল ম্যাকাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স জানিয়েছেন, পাঁচ দিনের টেস্টে দীর্ঘ সময় ব্যাট করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়াই তাদের মূল লক্ষ্য। সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’ প্রথম ইনিংসে বড় রান করার গুরুত্বও তুলে ধরেছেন বাংলাদেশ কোচ। তার ভাষায়, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন। প্রথম ইনিংসে বড় রান তোলা সব সময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই, যেন আমাদের স্কোরে পৌঁছতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’
ডারউইনে ৯ উইকেটের জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন সিমন্স। ‘টেস্ট ম্যাচ জিতলে তো আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে,’ বলেন তিনি। কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্সের উত্তর, ‘অবশ্যই, আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এটি। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’ জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এই সিরিজে দলের কী পরিবর্তন হয়েছে, এমন প্রশ্নেও সিমন্সের বক্তব্যে উঠে এসেছে ধারাবাহিক প্রস্তুতির বিষয়টি। তিনি বলেন, ‘আমাদের কাজ আসলে কখনও পরিবর্তন হয়নি। যদিও আমরা (প্রস্তুতি ম্যাচে) ৫৪ রানে অলআউট হয়েছি। তবে আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আমাকে আত্মবিশ্বাস এনে দেয়। আমাকে বিশ্বাসী করে তোলে যে, তারা ভালো কিছু করতে চায়। ফলে কোনো না কোনো সময়ে (সাফল্য) ধরা দেবেই।’
তবে ডারউইনে হেরে অস্ট্রেলিয়া যে আরও শক্তিশালী হয়ে ফিরবে, সেটি ভালোভাবেই জানেন সিমন্স। তাই নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করার তাগিদও দিয়েছেন তিনি, ‘আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। ফলে আমাদের নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি এক ভাগও উন্নতি করতে পারি, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদলে আমাদের চেপে ধরবে,’ বলেন বাংলাদেশ কোচ। এদিকে চোট কাটিয়ে শেষ টেস্টের দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাকে নিয়ে চার পেসারের একাদশ সাজানোর আলোচনা থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। সিমন্স বলেন, ‘আসলে এটা এখনও ঠিক করিনি। কালকে ঠিক করব।’ শরীফুলের একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সে ভিন্ন কিছু এনে দেয় আমাদের দলে। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম। ফলে ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম। এগুলো শুধুই সম্ভাবনা। কালকে সিদ্ধান্ত নেব।’
শরীফুল ফেরায় বোলিং বিভাগে বিকল্প আরও বেড়েছে কি না, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘আমাদের সব সময়ই হাতে ভালো অপশন ছিল। দলে সব সময়ই পাঁচজন পেসার থাকে। অন্য পেসাররা ছিল এখানে। তিনজন খেলিয়েছি আগের ম্যাচে, বড় জয় এসেছে। পরের ম্যাচে কয়জন খেলাব, তা কাল ঠিক করব।’ ম্যাকাইয়ের উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ কোচ। ‘পিচ দারুণ। কিছুটা ঘাস আছে। অনেক শক্ত। ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কি না,’ বলেন তিনি।ক
ডারউইন থেকে ম্যাকাইয়ে যেতে বাংলাদেশ দলের প্রায় ১৪ ঘণ্টা অতিরিক্ত ভ্রমণ করতে হয়েছে। ফ্লাইট বিলম্বের বিষয়টি নিয়ে সিমন্স বলেন, ‘ফ্লাইট পিছিয়ে যাওয়া তো কারও হাতে নেই। এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এটাই হয়েছে আমাদের সঙ্গে। এখানে নিরাপদে পৌঁছেছি, ফলে এটাই বেশি জরুরি।’ ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার অভিজ্ঞতা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কতটা কাজে এসেছে, সে প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আসলে জানি না কতটা সাহায্য করেছে। এরপরেও আপনাকে মাঠে গিয়ে খেলতে হবে, নিজের কাজটা করতে হবে। মুশি (মুশফিকুর রহিম) এবং মুমিনুলও (মুমিনুল হক) ভালো করেছে। বাকিদের এখানে এসে অনেক কিছু শিখতে হয়েছে। যে কারণে প্রথমে এসেই আমাদের তিন দিনের ম্যাচ খেলতে হয়েছে। এসবের মাধ্যমেই কন্ডিশন বুঝতে পেরেছি আমরা। ডারউইনের জয়কে পেছনে রেখে এখন বাংলাদেশের লক্ষ্য ম্যাকাইয়ে সিরিজ নিশ্চিত করা। তবে সিমন্স জানেন, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিরোধ হবে আরও কঠিন। তাই নিজেদের প্রথম টেস্টের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আরও এক ধাপ উন্নতি করেই মাঠে নামতে চায় বাংলাদেশ।