দুই বোলার পাঁচ উইকেট পাওয়ায়, বল কেটে সমান ভাগ করে নেয় তারা। ছবি: সংগৃহীত
হেডিংলির গ্রীষ্মের বিকাল তখন পাকিস্তানি ব্যাটসম্যানদের হতাশায় ভারী। আর ইংল্যান্ডের ড্রেসিংরুমে আনন্দের রঙ ক্রমেই গাঢ় হচ্ছে। পাকিস্তানের ইনিংস শেষ। স্কোর বোর্ডে মাত্র ১৭১ রান। ইংল্যান্ডের ১০ উইকেটের সবকটিই নিয়েছেন দুই পেসারÑ ওলি রবিনসন ও জশ টাং। দুজনের ভাগে পাঁচটি করে।
পাঁচ উইকেট পাওয়ার পর ম্যাচের বল হাতে নিয়ে দর্শকদের অভিবাদনের উত্তর দেওয়া ক্রিকেটের পুরনো রীতি। কিন্তু যখন একই ইনিংসে দুই বোলার সমান পাঁচ উইকেট নেন, তখন বলটির মালিক কে হবেন, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। হেডিংলিতে রবিনসন ও টাং সেই প্রশ্নের উত্তর দিলেন একেবারেই ভিন্নভাবে।
একজনের হাতে পুরো বল নয়, দুজনের হাতে অর্ধেক করে। মাঠ ছাড়ার সময় রবিনসন টাংকে প্রস্তাব দেন, বলটি কেটে দুই ভাগ করে নেওয়া যায় কি না। টাংও রাজি। এরপর গ্রাউন্ড স্টাফদের হাতে তুলে দেওয়া হয় ম্যাচের সেই লাল বল। করাতের সাহায্যে সেটি নিখুঁতভাবে দুই ভাগ করা হয়। একটি অর্ধেক রবিনসনের, অন্যটি টাংয়ের।
দিন শেষে রবিনসনের কণ্ঠে ছিল সেই বিরল স্মৃতির উচ্ছ্বাস। তার ভাষায়, একই ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট পাওয়া প্রতিদিনের ঘটনা নয়। তাই স্মৃতিটাকেও বিশেষভাবে ধরে রাখতে চেয়েছিলেন তারা। টাংও কৃতিত্ব দিয়েছেন সিনিয়র সতীর্থকে। জীবনে প্রথমবার এমন একটি স্মারক পাওয়ার আনন্দ লুকাননি তিনি।
টেস্ট ইতিহাসে একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের পাঁচ উইকেট করে নেওয়ার ঘটনা এটি ১৬তম। সর্বশেষ এমনটি দেখা গিয়েছিল ২০০৬ সালে, ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষেই। সেবার পাঁচ উইকেট নিয়েছিলেন সাইমন হার্মিসন ও মন্টি পানেসার। প্রায় দুই দশক পর পাকিস্তানের বিপক্ষেই আবার ফিরে এলো সেই বিরল কীর্তি, তবে এবার দুই পেসারের হাত ধরে।
পাকিস্তানের শীর্ষ সারিতে ধস নামানোর দায়িত্ব নিয়েছিলেন রবিনসন। চারজন শীর্ষ সারির ব্যাটসম্যানকে ফেরান তিনি। এরপর জশ টাংয়ের পালা। পাকিস্তানের নিচের সারিকে দ্রুত গুটিয়ে দিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।