× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্য সিরিজ জয়, প্রস্তুত শরিফুলও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৫:৪৩ পিএম

সুযোগ পেলে ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুযোগ পেলে ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী টাইগাররা। এবার সামনে সিরিজ জয়ের হাতছানি। আর সেই লক্ষ্যে দলের সঙ্গে থাকা পেসার শরিফুল ইসলামও জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে ম্যাচ খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত। চোটের কারণে ডারউইন টেস্টে খেলতে পারেননি শরিফুল। তবে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাতি পেসার। 

বুধবার দলের অনুশীলন ও পরিবেশে সন্তুষ্ট শরিফুল মনে করেন, ইউনিট হিসেবে বাংলাদেশ ভালো খেলতে পারলেই সিরিজ জয় সম্ভব। ডারউইন টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দাপুটে। ম্যাচের শুরু থেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংÑ তিন বিভাগেই আধিপত্য দেখায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দলের এই জয়ে নিজে মাঠে না থাকলেও ভীষণ আনন্দিত শরিফুল। তিনি বলেন, এমন একটি জয়ের অংশ হতে পেরে তার ভালো লেগেছে। দলের বাইরে থেকেও তিনি সতীর্থদের সাফল্যের জন্য নিয়মিত শুভকামনা করেছেন। তবে শরিফুলের ভাষায়, দলের হয়ে খেলার সুযোগ সবসময়ই তার কাছে গুরুত্বপূর্ণ। সুযোগ এলে ম্যাচ খেলতে তিনি প্রস্তুত। তবে শেষ পর্যন্ত একাদশে জায়গা পাওয়া নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ও পরিস্থিতির ওপর। তবে চোট নিয়ে হতাশ নন এই পেসার। চোটের কারণে গুরুত্বপূর্ণ টেস্টে খেলতে না পারায় নিজেকে দুর্ভাগা মনে করেন না শরিফুল ইসলাম। বরং তার মতে, চোটের পর পাওয়া বিশ্রাম ও পুনর্বাসন শরীরের জন্য উপকারী হয়েছে। তিনি মনে করেন, ক্রিকেটে চোট বা অন্যান্য পরিস্থিতি সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। তাই যা ঘটেছে, সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এখন তার লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে দলের প্রয়োজনে মাঠে নামা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে। সতীর্থ পেসারদের সাফল্যে আনন্দিত শরিফুল। তার মতে, শুধু বোলিং নয়, ব্যাটিং ও ফিল্ডিংয়েও দল যখন ভালো করে, তখন একটি ইউনিট হিসেবে বাংলাদেশের শক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। তিন বিভাগে সমন্বিত পারফরম্যান্সই বড় জয় এনে দিতে পারে বলে মনে করেন তিনি। একই সাথে অ্যালান ডোনাল্ডের শুভকামনা করেন। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়েছে শরিফুলের। চোট কাটিয়ে ফেরার পর তাকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড। শরিফুল জানান, ডোনাল্ড তাকে বার্তা দিয়ে চোট থেকে ফেরার জন্য শুভকামনা জানিয়েছেন এবং পরের ম্যাচে খেলার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কিংবদন্তিদের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা পাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন শরিফুল। তার মতে, বিশ্ব ক্রিকেটের পরিচিত ব্যক্তিরা বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ভালো কথা বললে সেটি দেশের ক্রিকেটের জন্য ভালো বার্তা বহন করে। তবে প্রশংসার চেয়ে এখন বড় লক্ষ্য সিরিজ জয়।

প্রথম টেস্টে জয়ের পর বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। সুযোগ পেলে শরিফুলও সেই ম্যাচে অবদান রাখতে প্রস্তুত। তার লক্ষ্য একটাইÑ দলের সঙ্গে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি ঐতিহাসিক সাফল্য তুলে নেওয়া।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা